যুবককে চাপা দিয়ে ২০০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে গেল প্রাইভেট কার
সিলেট নগরের জিন্দাবাজারের দিক থেকে চৌহাট্টার দিকে যাচ্ছিল বেপরোয়া গতির একটি প্রাইভেট কার। একই পথ দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মারুফ আহমদ (৩৫) নামের এক যুবক। জিন্দাবাজার শ্যামলী মার্কেটের সামনে সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর সড়কের ওপর ছিটকে পড়া যুবককে চাপা দেয় গাড়িটি।
একপর্যায়ে গাড়ির নিচে আটকে পড়া যুবককে প্রায় ২০০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে যায়। পথচারীদের চিৎকারে আশপাশের লোকজন গাড়িটি আটক করলেও পালিয়ে যান চালক। ওই যুবককে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার বেলা একটার দিকে নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মারুফ নগরের কাজীটুলা উঁচা সড়ক এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বেপরোয়া গতির প্রাইভেট কারটি বাইসাইকেল আরোহী মারুফ আহমদকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় তাঁকে চাপা দিলে ওই যুবক প্রাইভেট কারের নিচে পড়ে আটকে যান। এমন অবস্থায় গাড়িটি চালাতে থাকেন চালক। ওই যুবককে টেনেহিঁচড়ে প্রায় ২০০ মিটার নিয়ে যান। পথচারীরা গাড়িটি থামানোর চেষ্টা করেও পারেননি। পরে চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে গাড়িটি রেখে পালিয়ে যান চালক।
পথচারীরা রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে ক্ষুব্ধ পথচারীরা প্রাইভেট কারটি ভাঙচুর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রাইভেট কারের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ি ও সাইকেলটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।