নাটোরে এক কলাগাছে ১৬ মোচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি কলাগাছে ১৬টি মোচা এসেছে। শনিবার নাটোরের লালপুর উপজেলার নাওদাঁড়া গ্রামের বাসিন্দা মওলা বক্সের বাড়ির আঙিনায়
ছবি: মুক্তার হোসেন

নাটোরের লালপুর উপজেলায় একটি কলাগাছে ১৬টি মোচা এসেছে। সাধারণত একটি কলাগাছে একটি মোচাই দেখা যায়। তবে এই গাছে একসঙ্গে এত বেশি মোচা দেখার জন্য উপজেলার নাওদাঁড়া গ্রামের বাসিন্দা মওলা বক্সের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

মওলা বক্স বলেন, গত বছর তিনি বাড়ির পেছনে কয়েকটি কলাগাছ লাগান। সম্প্রতি তিনি একটি গাছে প্রথমে একটি কলার মোচা বের হতে দেখেন। কয়েক দিন আর গাছের কাছে তাঁর যাওয়া হয়নি। গত শুক্রবার কলাগাছটির দিকে চোখ পড়তেই তিনি অবাক হয়ে যান। ওই গাছটির প্রথম মোচার সঙ্গে এক এক করে ১৫টি মোচা বের হয়েছে। আরও একদিন অপেক্ষার পর শনিবার পর্যন্ত গাছটিতে মোট ১৬টি মোচা চোখে পড়ে। এ খবর নাওদাঁড়া গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামেও ছড়িয়ে পড়ে। ব্যতিক্রমী কলাগাছটি একনজর দেখতে বিভিন্ন গ্রাম থেকে নানা বয়সের মানুষ আসছেন। অনেকে গাছটির সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করছেন।

স্থানীয় কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, কীভাবে একটি কলাগাছে ১৬টি মোচা ধরতে পারে? প্রতিটি মোচাই তরতাজা আছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, একাধিক মোচা বের হওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। অধিকহারে পরাগায়নের ফলে এতগুলো মোচা বের হয়েছে। তবে ১৬টি মোচা বের হওয়ার ঘটনাটি বিরল। তিনি লোকমুখে ঘটনাটি শুনেছেন। সময় করে দেখতে যাবেন।