পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে নারায়ণগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের জন্য বিকল্প নৌপথ চালু করেছে সরকার। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের চাপ কমাতে পূর্বাচল উপশহরের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ এই লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের কাঞ্চন সেতুসংলগ্ন শিমুলিয়া ঘাটে এ সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ঈদে ঘরমুখী কর্মজীবী মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। রাজধানীর সদরঘাটকেন্দ্রিক দীর্ঘদিনের যানজট ও চাপ কমাতে বিকল্প হিসেবে এ সার্ভিস চালু করা হয়েছে। এতে রাজধানীমুখী সড়কগুলোতে যানজটও কমবে।
রাজিব আহসান জানান, শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বরিশাল রুটে লঞ্চ চলাচল পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এবং ঈদের আগপর্যন্ত তা চালু থাকবে। ভবিষ্যতে এটি স্থায়ীভাবে চালুর পরিকল্পনা রয়েছে। পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকায় এই ঘাট ব্যবহার করে নারায়ণগঞ্জ, গাজীপুর, উত্তরা ও নরসিংদীসহ আশপাশের এলাকার যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবেন।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি টিকিট ব্যবস্থাপনা ও যাত্রীসেবায় অনিয়ম রোধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, সংস্থাটির পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে প্রতিদিন সকাল ৮টায় চাঁদপুরগামী এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস এবং সকাল ৯টায় এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ ছেড়ে যাবে। একই সময় সকাল ৮টায় বরিশালগামী এমভি রাজারহাট-বি লঞ্চ চলাচল করবে।
এ ছাড়া ১৭–২৮ মার্চ পর্যন্ত ১২ দিন প্রবীণ ও নারী যাত্রীদের জন্য টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনা মূল্যে কুলি সেবা দেওয়া হবে। অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য থাকবে হুইলচেয়ার সুবিধাও।