চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের
চাঁদপুরের শাহরাস্তিতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. পারভেজ আহম্মেদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁদপুর-লাকসাম রেলপথের ওয়ারুক রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পারভেজ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরে যাচ্ছিল। ওই ট্রেনের ছাদে অন্য যাত্রীদের সঙ্গে পারভেজও ছিল। এ সময় অসাবধানতাবশত সে ছাদ থেকে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার দেহ কেটে খণ্ড-বিখণ্ড হয়ে যায়। খবর পেয়ে জিআরপি পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ উল্লাহ বাহার ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘আমরা তার লাশ উদ্ধার করার জন্য ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। উদ্ধার কার্যক্রম শেষে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।’