কয়রায় মুন্ডা শিশুদের আলো দেখাচ্ছে মুন্ডা বিদ্যাপীঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার মুন্ডা সম্প্রদায়ের শিশুদের শিক্ষার আলো দেখাচ্ছে 'নলপাড়া মুন্ডা বিদ্যাপীঠ’
ছবি: প্রথম আলো

খুলনার উপকূলীয় কয়রা উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী মুন্ডা সম্প্রদায়ের শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে নলপাড়া মুন্ডা বিদ্যাপীঠ। মুন্ডা শিশুদের হাতে–কলমে শিক্ষার সুযোগ করে দেওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তারা চায়, যেভাবেই হোক শিক্ষাপ্রতিষ্ঠানটি বেঁচে থাকুক এবং পড়ানো অব্যাহত রাখুক।

কয়রায় মুন্ডা সম্প্রদায়ের দেড় হাজারের বেশি মানুষের বসবাস। এই সম্প্রদায়ের অধিকাংশ মানুষই নিরক্ষর। অক্ষরজ্ঞান না থাকায় শিশুদের স্কুলে পাঠানো নিয়েও তাদের অনীহা।

শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়াতে কয়রা সদরের নলপাড়া গ্রামে গত বছরের ডিসেম্বরে ‘নলপাড়া মুন্ডা বিদ্যাপীঠ’ গড়ে তোলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)। যেখানে অক্ষরজ্ঞানের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়টির শাদ্রি ভাষা, ইতিহাস ও সংস্কৃতি শেখানো হচ্ছে।

নলপাড়া মুন্ডা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা আইআরভির পরিচালক মেরিনা যুথি বলেন, মুন্ডা সম্প্রদায়ের অধিকাংশ বাবা-মা নিরক্ষর হওয়ায় তারা শিশুদের পড়ালেখার গুরুত্ব অনুধাবন করতে পারেন না। সমাজে পিছিয়ে পড়া মুন্ডা সম্প্রদায়ের শিশুদের মধে৵ শিক্ষা বিস্তারের তাগিদ থেকেই স্কুলটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

স্কুলটিতে ৩২ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র একজন। সকাল ও বিকেলে দুই বেলা শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান চলে বিদ্যালয়টিতে। বেসরকারি সংস্থার পক্ষ থেকে লেখাপড়ার উপকরণ দেওয়া হয়েছে। শিশুদের অভিভাবকেরা প্রত্যেক শিশুর জন্য শিক্ষকের বেতনের জন্য মাসে এক শ টাকা দিয়ে বিদ্যাপীঠটি চালু রেখেছেন।

ওই বিদ্যাপীঠের শিক্ষক শায়ন্তী মুন্ডা নিজেও মুন্ডা সম্প্রদায়ের সদস্য। তিনি বলেন, ‘ভাষা-সংস্কৃতি ভিন্ন হওয়ার কারণে প্রচলিত বিদ্যালয়ের সঙ্গে আমাদের শিশুরা খাপ খাওয়াতে পারে না। মাঝপথে ঝরে পড়ে অনেকে। মুন্ডা বিদ্যাপীঠ থেকে বাচ্চারা দেশের ইতিহাস জানার পাশাপাশি মুন্ডা সম্প্রদায়ের ইতিহাস–ঐতিহ্য সম্পর্কে জানতে পারছে।’ সীমাবদ্ধতার কথা জানিয়ে তিনি বলেন, ‘তাদের নিজস্ব ভাষার কোনো বই নেই। তাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দেওয়া হচ্ছে ইন্টারনেট বা উইকিপিডিয়া থেকে তথ্য নিয়ে।’

কথা হয় প্রণব মুন্ডা, দীপ্ত মুন্ডা ও বন্ধন মুন্ডা নামের তিন শিক্ষার্থীর সঙ্গে। তারা জানায়, নিজেদের সংস্কৃতি সম্পর্কে জানতে পেরে তারা অনেক খুশি। তারা সবাই লেখাপড়া শিখে গ্রামের অন্য ছেলেমেয়েদের মতো হতে চায়।

নলপাড়া গ্রামের শতবর্ষী বৃদ্ধ দুর্গাপদ মুন্ডা বলেন, ‘আমাদের সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। শিশুদের জন্য ছিল না আলাদা স্কুল বা পাঠ্যবইয়ের ব্যবস্থা। নলপাড়ার মুন্ডাপল্লিতে মুন্ডা বিদ্যাপীঠ গড়ে তোলায় আমরা অত্যন্ত খুশি, আমাদের ছেলেমেয়েরা তাদের পূর্বপুরুষের সংস্কৃতি-ঐতিহ্য সম্পর্কে জানতে পারছে।’

কয়রা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম বলেন, কয়রা সদরে নলপাড়া মুন্ডা বিদ্যাপীঠের মাধ্যমে মুন্ডা শিশুদের স্কুলগামী করার একটি পথ হয়েছে। স্কুলটির লেখাপড়া অব্যাহত রাখার জন্য তিনি নিজস্ব উদ্যোগে সহযোগিতা করেন বলে জানান।

মুন্ডা শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নিজস্ব জমি ও পাকা ভবন তৈরিতে সহায়তার আশ্বাস দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম বলেন, প্রশাসনের সঙ্গে কথা বলে মুন্ডা বিদ্যাপীঠের জন্য একটি বরাদ্দের উদ্যোগ নেবেন তিনি।