রাজবাড়ীতে প্রকাশ্যে তরুণকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার
রাজবাড়ীতে পাওনা টাকার জেরে প্রকাশ্যে তরুণ ব্যবসায়ী জাহিদ হাসানকে (২৭) কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি রাতুলকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল শনিবার বিকেলে তাঁকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০–এর সহকারী পরিচালক (মিডিয়া) ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
গ্রেপ্তার রাতুল (২৮) রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর মেছোঘাটা এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর গতকাল রাতে তাঁকে ফরিদপুর র্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়। এরপর তাঁকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বছর তিনেক আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিনোদপুর মহল্লার মাহতাব ফকিরের ছেলে জাহিদ হাসান ফকির। দেশে ফিরে বিদেশে আর না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এলাকায় স্যানিটারি পণ্যের ব্যবসা শুরু করেন। ১৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে মুঠোফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হন জাহিদ। কিছুক্ষণ পর বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি দোকানের সামনে কয়েকজন তরুণ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন। পরে স্থানীয় লোকজন জাহিদকে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনার পরদিন ১৮ ফেব্রুয়ারি নিহত জাহিদের বাবা মাহতাব ফকির বাদী হয়ে রাতুলসহ ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, র্যাবের হাতে গ্রেপ্তার জাহিদ হাসান হত্যা মামলার প্রধান আসামি রাতুলকে গতকাল গভীর রাতে থানায় আনা হয়। আজ রোববার তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।