নড়াইলে বিদ্যালয়ে শিক্ষক ছুরিকাঘাতে আহত, অভিযুক্ত অফিস সহকারী পলাতক

প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বেঞ্চে বসে আছেন প্রধান শিক্ষক উজির আলী। আজ রোববার দুপুরে নড়াইল জেলা হাসপাতালেছবি: প্রথম আলো

নড়াইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে একই স্কুলের অফিস সহকারীর বিরুদ্ধে। আজ রোববার বেলা একটার দিকে শহরের আলাদাতপুরে এ ঘটনা ঘটে।

আহত উজির আলী (৩৪) নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক। তিনি লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের বাসিন্দা। অভিযুক্ত অফিস সহকারী রাকিব হোসেন নড়াইল সদর উপজেলার মাছিনদিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে শিক্ষার্থীদের বেতন পরিশোধের জন্য অভিভাবকেরা কালেক্টরেট স্কুলে যান। এক অভিভাবক বিদ্যালয়ের অফিস সহকারী রাকিব হোসেনের কাছে বেতন দিতে চান। রাকিব ‘দেরি হয়ে গেছে, এখন আপনার বেতন নেব না’ বললে ওই অভিভাবকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ওই অভিভাবকসহ আরও কয়েকজন অভিভাবকের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনা জানতে পেরে প্রধান শিক্ষক রাকিবকে তাঁর কক্ষে ডেকে দুর্ব্যবহারের কারণ জানতে চান। এতে রাকিব ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে প্রধান শিক্ষক কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় রাকিব তাঁর হাত-মুখসহ শরীরে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় অন্য শিক্ষকেরা তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান রাকিব।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, প্রধান শিক্ষক উজির আলীর হাত-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগী প্রধান শিক্ষকের সঙ্গে কথা হয়ছে বলে জানান নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু। তিনি বলেন, অভিযুক্ত রাকিব হোসেনকে ধরতে অভিযান চলছে।