মধ্যরাতে কুমিল্লায় রেলক্রসিংয়ে উঠে পড়া বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, নিহত ১২
কুমিল্লায় রেলক্রসিংয়ে উঠে পড়া একটি বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আজ রোববার সকালে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ বলছে, ঢাকা মেইল ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে মামুন স্পেশাল পরিবহন নামের বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল।
পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাসটি উঠে পড়লে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটি দুমড়েমুচড়ে যায়। এ অবস্থায় বাসটিকে হিঁচড়ে আধা কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যায় ট্রেনটি।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মমিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশু, সাতজন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও তিনজন নারী রয়েছেন।