কারবাইড দিয়ে অপরিপক্ব আম পাকিয়ে বাজারজাত, ৪২৬০ কেজি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার মাধমকাটি থেকে জব্দ করা কারবাইড দিয়ে পাঁকানো অপরিপক্ব আমভর্তি পিকআপ
ছবি: প্রথম আলো

সাতক্ষীরায় কারবাইড দিয়ে পাকানো অপরিপক্ব ৪ হাজার ২৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করেছে প্রশাসন। আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে শহরের বাঁকাল ট্রাক টার্মিনাল এলাকায় এক্সকাভেটর দিয়ে পিষে আমগুলো নষ্ট করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত জানান, গতকাল সোমবার দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে কারবাইড দিয়ে পাকানো আম পিকআপে করে ঢাকায় পাঠানো হচ্ছে—এমন খবর পান তাঁরা। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন ঘটনাস্থলে গিয়ে আমগুলো জব্দ করেন। বিষয়টি জেলা প্রশাসক মোহম্মাদ হুমায়ূন কবিরকে জানানোর পর সত্যতা যাচাইয়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারকে নিয়ে তিনি (বাপ্পি দত্ত) ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তাঁরা আমভর্তি ক্যারেটে কারবাইড দেখতে পান। রাতে আমগুলো সদর থানা-পুলিশের হেফাজতে রাখা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত বলেন, জব্দ করা ২১৩টি ক্যারেটে ৪ হাজার ২৬০ কেজি আম ঢাকায় পাঠানো হচ্ছিল। আজ দুপুর দুইটার দিকে শহরের বাঁকাল ট্রাক টার্মিনাল এলাকায় আমগুলো পিষে নষ্ট করে দেওয়া হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, সাতক্ষীরার আম এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। আমের মান ঠিক রাখতে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এবং জেলা প্রশাসন আমচাষিদের সঙ্গে আলোচনা করে গাছ থেকে আম পাড়ার সময় নির্ধারণ করেছে। সেই অনুযায়ী ১২ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলামখাস ও বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম, ২৫ মে থেকে হিমসাগর ও ক্ষীরসাপাত, ১ জুন থেকে ল্যাংড়া ও ১৫ জুন থেকে আম্রপালি আম পাড়ার সময় ঠিক করা হয়েছে।

মো. মনির হোসেন বলেন, নির্ধারিত সময়ের আগে কেউ আম পাড়লে কিংবা অপরিপক্ব আম রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করলে সেই সব চাষি ও ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁদের আগেই সতর্ক করা হয়েছে। এরপরও একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও চাষি বেশি লাভের আশায় গোপনে আম পেড়ে বাজারজাত করার চেষ্টা করছেন। ইতিমধ্যে এমন ২০ হাজার কেজি আম জব্দ করে নষ্ট করা হয়েছে।