ওবায়দুল কাদের আবারও সাধারণ সম্পাদক হওয়ায় নোয়াখালীতে আ.লীগের আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের তৃতীয়বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নোয়াখালীতে আনন্দ মিছিল। শনিবার সন্ধ্যায় জেলা শহর মাইজদীর আবদুল মালেক উকিল সড়কে
ছবি: প্রথম আলো

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতা-কর্মীরা।

আজ শনিবার সন্ধ্যায় দলীয় ঘোষণা আসার সঙ্গে সঙ্গে তাঁরা জেলা শহর মাইজদীতে তাৎক্ষণিক মিছিল বের করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় দলীয় নেতা-কর্মীরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

মিছিল শেষে প্রতিক্রিয়ায় নুর আলম সিদ্দিকী বলেন, ‘গত দুই মেয়াদে দলের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সর্বস্তরের নেতা-কর্মীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এর প্রতিদান হিসেবে তৃতীয়বারের মতো তাঁকে দলীয় কাউন্সিলররা সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। আওয়ামী লীগের মতো একটি বড় দলের সাধারণ সম্পাদক নোয়াখালী জেলার বাসিন্দা হওয়ায় আমরা নিজেরাও গর্বিত।’

আনন্দ মিছিলে অংশ নেওয়া মো. শাওন নামে ছাত্রলীগের এক কর্মী প্রথম আলোকে বলেন, ‘ওবায়দুল কাদের আমাদের নোয়াখালীবাসীর ঠিকানা। তিনি বৃহত্তর এই জেলার নন্দিত রাজনীতিক। তিনি তিন-তিনবার দলের সাধারণ সম্পাদক হওয়ার গৌরব অর্জন করেছেন—এটি সমগ্র নোয়াখালী অঞ্চলের জন্য আনন্দের।’

আজ সন্ধ্যার পর ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট শহরে এবং কবিরহাট উপজেলায়ও আনন্দ মিছিল করেছেন দলীয় নেতা-কর্মীরা।

এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে বেলা তিনটার দিকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নতুন নেতৃত্ব নির্বাচনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রায় সাত হাজার কাউন্সিলর অংশ নেন। তাঁদের মতামতের ভিত্তিতে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সন্ধ্যার আগে আগে সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।