মাদারীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তরুণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভবতোষ সরকার
ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলায় ট্রাকচাপায় ভবতোষ সরকার (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের আচমত আলী খান সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহত ভবতোষ সরকার উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া এলাকার নারায়ণ সরকারের ছেলে। তিনি প্রথম আলো বন্ধুসভা মাদারীপুরের সদস্য এবং মাদারীপুর ডায়াবেটিক হাসপাতালের স্বাস্থ্য সহকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে ভবতোষ তাঁর দুই স্বজনের সঙ্গে মোটরসাইকেলে কালকিনি উপজেলার রাজারচর এলাকায় যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি আচমত আলী খান ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁদের মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে ভবতোষ ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় শিশির সরকার ও রিপন চক্রবর্তী নামের ভবতোষের দুই স্বজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।