পুলিশ দেখে ছাদ দিয়ে পালাতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

মিনহাজুল ইসলামছবি: সংগৃহীত

কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাড়ির ছাদ দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মিনহাজুল ইসলাম। পরে তাঁকে আহত অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে এ ঘটনা ঘটে।

মিনহাজুল কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক ও নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি। তিনি কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

পুলিশ জানিয়েছে, জুলাইয়ের শহীদ আশিক হত্যা মামলাসহ দুটি মামলায় মিনহাজুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আহত অবস্থায় তাঁকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পায়ের একটি আঙুল কেটে গেছে ও হাড় ভেঙেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রাম সদর থানার পুলিশের একটি দল সন্ন্যাসী গ্রামে মিনহাজুলের বাড়িতে যায়। পুলিশ বাড়িটি ঘিরে তাঁকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কেউ সাড়া দেননি। একপর্যায়ে বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ছাদ দিয়ে পালানোর চেষ্টা করেন বলে পুলিশের ভাষ্য। বাড়ির পেছনের দিকে নামার সময় তিনি টিনের বেড়ার ওপর পড়ে আহত হন। পরে পুলিশ তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যায়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল আহমদ প্রথম আলোকে বলেন, মিনহাজুল দুটি মামলার পলাতক আসামি। চিকিৎসা শেষে তাঁকে কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।