অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে চাইছে না, বললেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন। শনিবার বিকেলে চান্দিনার ছয়ঘড়িয়া খেলার মাঠে
ছবি: প্রথম আলো

অন্তর্বর্তী সরকারের মধ্যে আওয়ামী লীগের ভূত ঢুকেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন (খোকন)। তিনি বলেছেন, ‘সংস্কারের নামে কালক্ষেপণ করে দিনের পর দিন সরকারে থাকায় প্রমাণ হচ্ছে, এই সরকারের মধ্যে আওয়ামী লীগের ভূত ঢুকেছে। সংস্কার সংস্কার বলে দীর্ঘ ছয় মাসের বেশি সময় পার করেছেন। কিন্তু নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করছেন না। এই বছরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামবে।’  

আজ শনিবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উদ্দিন এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া খেলার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আওতাধীন সাতটি উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জনসভায় অংশ নেন।

মাহবুব উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘বিনা ভোটে ক্ষমতায় থাকবেন, জবাবদিহি কোথায়? এসব বাদ দিয়ে যাঁর কাজ তাঁকে করতে দেন। অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে এই বছরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করুন।’ সংস্কার কমিটিতে থাকা ব্যক্তিদের উদ্দেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, ‘সংস্কার কমিটিতে যাঁরা আছেন, আপনারা গাড়িটাড়ি চেপে যথেষ্ট আরাম-আয়েশেই আছেন। আর সংস্কার লাগবে না, অনেক হয়েছে। তারেক রহমানের ৩১ দফা সংস্কারে মনোযোগ দিলেই সব সমস্যার সমাধান ও সংস্কার সম্পন্ন হবে। তারেক রহমান যাতে এ দেশের প্রধানমন্ত্রী হতে না পারেন, সে জন্য ষড়যন্ত্র চলছে। আমরা সাবধান করে দিতে চাই, কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। তারেক রহমান এই দেশে বীরের বেশে আসবেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ দেশে প্রধানমন্ত্রী হবেন।’

অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার বক্তব্যের দিকে ইঙ্গিত করে মাহবুব উদ্দিন বলেন, এই সরকারের মাঝে আওয়ামী লীগের লোক বসে আছেন। কেউ কেউ বলছে, নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাধা নেই। তাঁরা নির্বাচনকে কালক্ষেপণ করে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চান, যাতে আওয়ামী লীগ নির্বাচনে উল্লেখযোগ্য আসন নিয়ে আসতে পারে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক মো. আকতারুজ্জামান সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগ সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগ সহসাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর প্রমুখ।