অসুস্থ মেয়েকে ডাক্তার দেখিয়ে সড়ক পার হচ্ছিলেন, ট্রাকচাপায় নিহত বাবা
অসুস্থ মেয়েকে ডাক্তার দেখিয়ে হাসপাতাল থেকে বের হয়ে কেবল সড়ক পার হচ্ছিলেন। এরই মধ্যে একটি দ্রুতগতির ট্রাক এসে চাপা দিল বাবা-মেয়েকে। মুহূর্তের মধ্যেই সড়কের ওপর মৃত্যু হয় বাবার। গুরুতর আহত হয় চার বছর বয়সী মেয়েও। আজ সোমবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর হলি কেয়ার হসপাতালের সামনে নোয়াখালী-ফেনী মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. বেলাল হোছাইন ফতেহপুরী (৫৫)। তিনি জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম (প্রধান)। এ ঘটনায় গুরুতর আহত হয় তাঁর মেয়ে তালবিয়া মুসতারি (৫)। পরিবারের আরও দুই সদস্য বেলাল হোছাইনের স্ত্রী তামান্না রহমান (৪০) ও আরেক মেয়ে তাসপিয়া সুলতানা (১২) ঘটনার সময় সঙ্গে থাকলেও তাঁরা অক্ষত আছেন।
পরিবারের সদস্য, পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বাড়ি থেকে অসুস্থ দুই মেয়ে ও স্ত্রীকে ডাক্তার দেখাতে বেগমগঞ্জের চৌমুহনী হলি কেয়ার হাসপাতালে যান বেলাল হোছাইন ফতেহপুরী। দুপুর আনুমানিক ১২টার দিকে হাসপাতাল থেকে বের হন তাঁরা। মেয়ে তালবিয়াকে নিয়ে সড়ক পার হচ্ছিলেন বেলাল হোছাইন। পেছনে আরেক মেয়েকে নিয়ে সড়কের দিকে আসছিলেন স্ত্রী। হঠাৎ চৌমুহনী অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক বেলাল হোছাইন ও তাঁর মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল হোছাইন মারা যান। গুরুতর আহত তালবিয়াকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। খবর পেয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে।
দুর্ঘটনার পর নিহত বেলাল হোছাইন ফতেহপুরীর লাশ স্বজনেরা সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গণে নিয়ে যান। সেখানে প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে শিশুরা।
স্থানীয় বাসিন্দা জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, দুই দশকের বেশি সময় আগে বেলাল হোছাইন ফতেহপুরীর হাত ধরে ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার যাত্রা শুরু হয়। মাদ্রাসার প্রতে৵ক শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো আদর, স্নেহ দিয়ে বড় করে তুলছিলেন বেলাল হোছাইন। তাঁর মৃত্যুতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একজন অভিভাবক হারিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মো. সবুজ মিয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।