রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক
নালার কাজ ফেলে রাখায় ঝুঁকি
রাজবাড়ী শহরের পৌরসভা অংশের সড়কের দুই পাশে ৮ দশমিক ৭ কিলোমিটারে নালা নির্মাণ করার কথা। এখনো অর্ধেক কাজ বাকি।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের পৌরসভা অংশের রাস্তার উভয় পাশে নালার নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে এক বছর আগে। কিন্তু ওই কাজের অর্ধেকও এখনো শেষ হয়নি। অনেক স্থানে সড়কের পাশে নালা খোলা রাখায় ও রাস্তা খোঁড়াখুঁড়ি করে ফেলা রাখা হয়েছে। এতে ওই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততা উন্নীতকরণ প্রকল্পের (গোপালগঞ্জ অঞ্চল) আওতায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কাজের দরপত্র আহ্বান করা হয়। সড়কের তিনটি অংশে ভিন্ন ভিন্নভাবে দরপত্র আহ্বান করা হয়। তিন অংশের মোট চুক্তিমূল্য প্রায় ৩০২ কোটি ২৭ লাখ ৬৮ হাজার টাকা। এর মধ্যে রাজবাড়ী শহরের শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চরলক্ষ্মীপুর আহমদ আলী মৃধা কলেজ এলাকা পর্যন্ত চার কিলোমিটার রাস্তা চার লেনে উন্নীত করার কথা। এই কাজের দায়িত্ব পায় স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও ওয়াহিদ কনস্ট্রাকশন। ২০১৭ সালের ২৭ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী ২০১৯ সালের ২৬ জুন কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল।
এ প্রকল্পের আওতায় সড়কের দুই পাশে নালা নির্মাণ করা হবে। সড়কের উত্তর পাশে ৪ কিলোমিটার এবং দক্ষিণ পাশে ৪ দশমিক ৭ কিলোমিটার নালা নির্মাণ করার কথা। সড়কসহ নালা নির্মাণকাজের ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ২০ লাখ ৪ হাজার টাকা। সড়ক ও নালা নির্মাণকাজের মেয়াদ বাড়ানো হয়েছে পাঁচবার। রাস্তার কাজ শেষ হলেও নালার কাজ প্রায় অর্ধেক বাকি। ঠিকাদারি প্রতিষ্ঠান ৪৬ কোটি ৫০ লাখ টাকার বিল নিয়েছে। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কাজ বন্ধ রয়েছে প্রায় এক বছর।
সরেজমিন দেখা যায়, শহরের শ্রীপুর বাস টার্মিনাল থেকে বড়পুল মোড় পর্যন্ত উভয় পাশে রাস্তার মূল কাজ শেষ হয়েছে। রাস্তার মাঝখানে সড়ক বিভাজক স্থাপনের কাজও শেষ হয়েছে। শহরের বড়পুল এলাকা থেকে আহম্মদ আলী মৃধা কলেজ পর্যন্ত নালার কাজ বন্ধ রয়েছে। কোথাও কোথাও কিছু নালার অংশের ঢাকনা দেওয়া হয়েছে। আবার কোথাও কোথাও নালার মুখ খোলা। আবার কোনো কোনো অংশে মাটি খোঁড়াই হয়নি। কিছু দোকানের সামনে চলাচলের জন্য বাঁশ-কাঠ দিয়ে চলাচলের জন্য রাস্তা তৈরি করা হয়েছে। কোনো কোনো দোকানের সামনে নালা করার জন্য জায়গাও রাখা হয়নি।
ভবানীপুরের বাসিন্দা তসলিম আহমেদ বলেন, ‘এ কাজটি লম্বা সময় নিয়ে চলেছে। পুরোপুরি কাজ সম্পন্ন করা হয়নি। ড্রেনের মুখ জায়গায় জায়গায় বন্ধ। ড্রেনের ওপর স্লাব দেওয়া হয়নি। কোথাও একেবারেই কাজ করা হয়নি। আংশিক কাজ করে ফেলে রাখা হয়েছে।’
শহরের পুলিশ লাইনস এলাকার আমেনা সুপার মার্কেটের রত্না রিকশা স্টোরের মালিক আবু বক্কার মিস্ত্রী বলেন, ‘আমি ১৮ বছর ধরে এখানে দোকানদারি করি। ২০১৭ সালে এই রাস্তা ভাঙা হয়েছে। এক বছরের বেশি সময় ধরে কাজ বন্ধ। এতে আমাদের চলাচলের খুব সমস্যা হচ্ছে। কিছুদিন আগেও মোড় ঘোরার সময় দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়। প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। আমরা ব্যবসায়ীরা সড়ক ও জনপথ অফিসে গিয়েছিলাম। অফিস থেকে জানানো হলো, কাজের মেয়াদ শেষ হওয়ায় ঠিকাদার চলে গেছে। আবার নতুন ঠিকাদার আসবে। আমরা ভাই খুব কষ্টে আছি। ব্যবসা-বাণিজ্য ঠিকমতো করতে পারছি না।’
রিকশাচালক শহিদুল ইসলাম বলেন, ‘আমরা রাস্তার পাশে রিকশা রেখে বিশ্রাম নিই। কখনো ভাড়ার জন্য অপেক্ষা করি। এই রাস্তার কাজ হওয়ার পর থেকে গাড়িগুলো খুব দ্রুত গতিতে চলে। কিন্তু মাঝে মাঝে ড্রেন খোলা। বড় যানবাহনকে সাইড দিতে গেলে ঝুঁকিতে থাকতে হয়। কারণ, খোলা ড্রেনে পড়ে গেলে হাত-পা ভাঙবে। মারা যাওয়ারও আশঙ্কা রয়েছে। এই কাজ দ্রুত শেষ করলে ভালো হবে।’
এ ব্যাপারে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নওয়াজিস রহমান বিশ্বাস বলেন, ‘ওই কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত বছরের জুন থেকে কাজ বন্ধ রয়েছে। আমরা নতুন করে কাজের বরাদ্দ চেয়েছি। বরাদ্দ পেলে দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে।’ তিনি আরও বলেন, যথাসময়ে কাজ সম্পন্ন করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২ কোটি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।