ঝিনাইদহ সদর উপজেলা কৃষক লীগের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে আহত
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানকে কুপিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকজন। বুধবার সন্ধ্যা সাতটার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জেরে হাফিজুরের সমর্থকেরা পাল্টা দুজনকে কুপিয়ে আহত করেছেন।
আহত হাফিজুর রহমান উপজেলার পদ্মাকর ইউনিয়নের ছয়াইল গ্রামের বাসিন্দা। আহত অপর দুজন হলেন একই এলাকার স্বপন ও আশরাফুল ইসলাম।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে পদ্মাকর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান বিকাশ বিশ্বাসের সঙ্গে সাবেক চেয়ারম্যান নিজামুল গনির বিরোধ চলছিল। এরই জেরে বিকাশ বিশ্বাসের সমর্থক সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানকে বুধবার হাটগোপালপুর বাজারে মারপিট করে আহত করেন প্রতিপক্ষের লোকজন। এরপর হাফিজুর রহমানের সমর্থকেরা একত্রিত হয়ে প্রতিপক্ষের সমর্থক স্বপন ও আশরাফুলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরজাহান বেগম বলেন, রোগীদের শরীরে মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে ২৪ ঘণ্টা পার হওয়ার পরই বলা যাবে, তাঁরা আশঙ্কামুক্ত কি না।
আহত কৃষক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রাজনৈতিক বিরোধ নিয়েই প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা করেছেন। তিনি আরও জানান, গত ইউপি নির্বাচনে তিনি বিকাশ বিশ্বাসের পক্ষে কাজ করেছেন। এই কারণে হামলা করা হয়েছে।
আহত স্বপন বিশ্বাস বলেন, এটা রাজনৈতিক কোনো বিরোধ নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলা করা হয়েছে।
হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক আহসানুর রহমান বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ কাউকে আটক করেনি। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।