ব্রাহ্মণবাড়িয়ায় সওজের জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা বাসস্ট্যান্ড থেকে ঘাটুরা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বুধবার সকালেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা বাসস্ট্যান্ড থেকে ঘাটুরা পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় দেড় কিলোমিটার সড়কের দুই পাশ থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয় দুই শতাধিক কাঁচা-পাকা স্থাপনা।

আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সড়কের দুই পাশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

সরেজমিনে দেখা গেছে, শহরের মেড্ডা বাসস্ট্যান্ড থেকে ঘাটুরা পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় উচ্ছেদ অভিযান চলছে। সড়কের পূর্ব ও পশ্চিম পাশে বুলডোজার দিয়ে কাঁচা ও পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ভেঙে ফেলা ঘরের ইট, কাঠ, লোহার রড, টিনসহ বিভিন্ন জিনিস কুড়িয়ে নিচ্ছেন স্থাপনা ও দোকানের মালিকেরা। রাস্তার পাশে দাঁড়িয়ে কয়েক শ মানুষ অভিযান দেখছেন।

সওজের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে মেড্ডা বাসস্ট্যান্ড থেকে ঘাটুরা পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধভাবে সওজের জায়গা দখল করে অনেকে ছোট–বড় পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছেন। অনেকে দোকানঘর বানিয়ে ভাড়া দিয়েছেন। সওজের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অবৈধ দখল ছাড়তে এসব দখলদারকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু কেউই গুরুত্ব দেননি। সওজের পক্ষ থেকে সম্প্রতি ওই এলাকায় মাইকিং করা হয়। কিন্তু কেউ জায়গা ছাড়তে চাননি। এ জন্য আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান চালায় সওজ। অভিযানে দেড় কিলোমিটার সড়কে ২২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ দখল থেকে সওজের প্রায় দেড় একর জায়গা উদ্ধার করা হয়।

সওজের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় দুই শতাধিক কাঁচা-পাকা স্থাপনা। বুধবার শহরের মেড্ডা বাসস্ট্যান্ডের অদূরে
ছবি: প্রথম আলো

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা। এ সময় সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, উপবিভাগীয় প্রকৌশলী ডেইজী রায়সহ সড়ক বিভাগের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের লোকজন ছাড়াও বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল।

সওজের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী ডেইজী রায় বলেন, জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের নির্দেশে সওজের জায়গা দখলমুক্ত করতে এ অভিযান চালানো হয়।

নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেকবার দখলদারদের জায়গা ছাড়ার নোটিশ দিয়েছি। কিন্তু কেউ শোনেননি। পরে মাইকিং করা হয়। এরপর উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে শহরের মেড্ডা থেকে ঘাটুরা পর্যন্ত দেড় কিলোমিটার এলাকা থেকে ২২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে সওজের প্রায় দেড় একর জায়গা উদ্ধার হবে।