পন্টুনে রিকশা, গাড়ি ওঠানামা ব্যাহত

ঘাটে ফেরি ভেড়ার আগেই সড়কে অপেক্ষমাণ রিকশা দ্রুত পন্টুনে এসে ভিড় করে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাটে ফেরি ভেড়ার আগে পন্টুন দখল করে আছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। গত মঙ্গলবার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে
ছবি: প্রথম আলো

দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট। গত মঙ্গলবার, তখন বেলা ১১টা।  মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ঘাটে ভিড়ছে। এর পেছনে রয়েছে আরও দুটি ইউটিলিটি (ছোট) ফেরি। পরপর তিনটি ফেরি ঘাটে ভিড়তে দেখে ব্যাটারিচালিত বেশ কিছু রিকশা দ্রুত পন্টুনে ওঠে পড়ে। তিন চাকার এই বাহন পুরো পন্টুন দখল করে থাকে। ফেরিগুলো একে একে ঘাটে ভেড়ে। কিন্তু রিকশার ভিড়ে ফেরি থেকে গাড়ি নামতে সমস্যায় পড়ে। যাত্রী নিয়ে রিকশা পন্টুন থেকে সরে যাওয়ার পর ফেরির গাড়িগুলো নামতে শুরু করে। 

এভাবে নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটের পন্টুন এখন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে থাকছে। ঘাটে ফেরি ভেড়ার আগেই সড়কে অপেক্ষমাণ রিকশা দ্রুত পন্টুনে এসে ভিড় করে। এতে ফেরিতে যানবাহন ওঠানামায় বিঘ্ন ঘটছে। যানবাহনের চালক ও তাঁর সহকারীদের সঙ্গে রিকশাচালকদের বাগ্‌বিতণ্ডা হচ্ছে। 

ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি দূরপাল্লার পরিবহনের চালক আবদুস সালামের সঙ্গে কথা হয় গতকাল। তিনি বলেন, যাত্রীরা দীর্ঘক্ষণ বাসের মধ্যে বসে থাকায় বিরক্ত। ঘাটে এসে ফেরি থেকে নামতে গিয়ে রিকশাচালকদের কারণে নামতে সময় বেশি লাগে। এ নিয়ে রিকশাচালকদের কিছু বলতে গেলে তাঁরা হুমকি দেন। 

দায়িত্বরত পন্টুনের লস্কর সাগর শেখ বলেন, ‘অটোরিকশাচালকদের কারণে আমরা নিজেরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারি না। আমরা ফেরি থেকে গাড়িগুলো দ্রুত নামার ব্যবস্থা করি। এটা করতে না পারলে আমাদের চাকরি নিয়ে টানাটানি দেখা দেয়। এ নিয়ে অটোরিকশার চালকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনা ঘটে।’

এ সম্পর্কে সাজ্জাদ হোসেন নামের এক রিকশাচালক বলেন, ‘বর্তমানে ঘাটে কোনো কামাই নাই। অটোরিকশা কিনেছি লোন করে। আমি যদি রাস্তায় দাঁড়িয়েও থাকি, অন্যরা ঠিকই পন্টুনে নেমে যাত্রী তুলবেন। উপায় না পেয়ে অন্যদের দেখা দেখি আমিও পন্টুনে এসেছি। কিছুটা সমস্যা হলেও করার কিছুই নাই।’ 

৭ নম্বর ঘাটে কর্তব্যরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের কম্পিউটার অপারেটর রাজু হাসান বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা কোনো কিছুর তোয়াক্কা করেন না। এ জন্য ফেরিতে গাড়ি ওঠানামায় নানা ধরনের সমস্যা দেখা দেয়। ফেরিতে গাড়ি ওঠা বা নামার ক্ষেত্রে ১৫-২০ মিনিট নষ্ট হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ স্থানীয় নৌপুলিশকে একাধিকবার জানানো হয়েছে। 

এ প্রসঙ্গে দৌলতদিয়া নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক (ওসি) সিরাজুল কবির বলেন, নৌ পুলিশের সদস্যরা ঘাটে এমন পরিস্থিতি দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকেন। মাঝেমধ্যে পুলিশ ঘাট থেকে সরে গেলে বেপরোয়া অটোরিকশার চালক পন্টুনে অবস্থান নেন। এ বিষয়ে তাঁরা যথেষ্ট সজাগ আছেন। 

ফেরি চলাচল বন্ধ ছিল ৬ ঘণ্টা

টানা দুই সপ্তাহ ধরে কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, গত মঙ্গলবার দিবাগত মধ্যরাত পৌনে ৩টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ দুই ঘাটে ফেরিগুলো যানবাহন বোঝাই করে নোঙরে থাকে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। 

ঝিনাইদহ থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক আলাউদ্দিন বেপারী বলেন, গত বছর এ সময় কুয়াশায় ফেরি বন্ধ হলেই ঘাটে দুই-তিন থাকতে হবে এই প্রস্তুতি নিতে হতো। এবার আগের মতো ফেরি বন্ধ থাকলেও গাড়ির চাপ নেই। শুধুমাত্র ফেরি বন্ধকালীন সময় ঘাটে অপেক্ষা করতে হয়।  

আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, টানা দুই সপ্তাহ ধরে কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।