বড় ভাইয়ের স্ত্রী নিয়ে উধাও দুই সন্তানের বাবা এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি
চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহ নিজের বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এনসিপি নেতার বাবা হারুনুর রশিদ আজ রোববার বিকেলে শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার গভীর রাতে বাহরাইনপ্রবাসী বড় ভাই ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে রহমত উল্লাহ উধাও হয়ে যান। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের সদস্যরা তাঁদের খোঁজ শুরু করেন। অভিযোগে বলা হয়েছে, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
আজ রোববার মরিয়ম বেগমের পরিবারের সদস্যরাও শাহরাস্তি মডেল থানায় এসে অভিযোগ করেন। এ সময় মরিয়মের দুই শিশুসন্তানও মায়ের খোঁজে পরিবারের সদস্যদের সঙ্গে থানায় আসে।
ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বলেন, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের নজরে আসার পর ইব্রাহিম খলিলকে জানানো হয়। পরে পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হলে শনিবার গভীর রাতে ওই দুজন উধাও হয়ে যান।
লিখিত অভিযোগে আরও বলা হয়, মরিয়ম বেগম যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে করে নিয়ে গেছেন।
মুঠোফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলম জানান, ‘এই ঘটনার পর আমরা শেখ রহমত উল্লাহকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছি।’
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান। তিনি বলেন, রহমত উল্লাহও বিবাহিত। তাঁর দুই সন্তান রয়েছে। বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার বিষয়ে রহমত উল্লাহর স্ত্রীও মৌখিক অভিযোগ করেছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।