ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু

শান্ত কুমার সাহাছবি: পরিবারের সদস্যদের কাছ থেকে নেওয়া

যাত্রীবেশে অটোরিকশায় ওঠে দুই ছিনতাইকারী। এরপর অটোরিকশাটি নিয়ে মহাসড়ক ধরে গন্তব্যে এগোচ্ছিল কিশোর চালক। তবে নির্জন একটি স্থানে পৌঁছানোর পর যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তাকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের একটি ডোবায় ফেলে দেয়। পরে পালাতে থাকে অটোরিকশাটি নিয়ে। ডোবা থেকে উঠে ছিনিয়ে নেওয়া সেই অটোরিকশার পেছনে চালকও দৌড়াতে থাকে। তবে হঠাৎ পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

গতকাল রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর রাস্তার মাথায় এলাকায় ঘটেছে এ ঘটনা। নিহত চালকের নাম শান্ত কুমার সাহা (১৫)। সে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের কানু কুমার সাহার ছেলে।

পুলিশ ও নিহত চালকের পরিবার সূত্রে জানা গেছে, ফেনী শহর থেকে বালিগাঁওয়ের উদ্দেশে যাত্রী নিয়ে যেত শান্ত কুমার সাহা। রাত আটটার দিকে যাত্রীবেশে ওই ছিনতাইকারী তার অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর স্টার লাইন পাম্পের সামনে গেলে তাকে ডোবায় ফেলে দেয় ছিনতাইকারীরা। এরপর ছিনিয়ে নেওয়া অটোরিকশার পেছনে দৌড়ানোর সময় রামপুর রাস্তার মাথা এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শান্ত কুমারের চাচা রিপন সাহা জানান, ছিনতাই হওয়া অটোরিকশাটি শান্তর বাবার। প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় তার বাবা বাড়িতে অটোরিকশাটি রেখে গিয়েছিলেন। এরপর শান্ত কিছু রোজগারের আশায় অটোরিকশাটি নিয়ে ফেনী শহরের উদ্দেশে বের হয়েছিল। ছিনতাইকারীদের কবলে পড়ে জীবন ও গাড়ি—দুটিই হারাতে হয়েছে তাকে। তিনি আরও বলেন, সে যেখান থেকে যাত্রী নিয়েছিল, সেখানকার আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করলে ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হবে।

জানতে চাইলে মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম বলেন, ওই কিশোরকে চাপা দেওয়া ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ছিনতাইকারীদের ধরতে সদর থানার পুলিশ কাজ করছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, অটোরিকশা ছিনতাই ও চালকের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পরপরই গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।