রাজশাহীর বাগমারা
বারনই নদের পানি দূষিত, মরে যাচ্ছে মাছ
নদের পানিতে অ্যামোনিয়ার মাত্রা চার লিটারের ওপরে। অথচ মাছের বেঁচে থাকার জন্য সহনীয় মাত্রা দশমিক শূন্য ৫ লিটার।
রাজশাহীর বাগমারা উপজেলার বারনই নদে থাকা মাছের পোনা মরে যাচ্ছে। গত এক সপ্তাহে প্রায় সাত টন দেশি জাতের পোনা মাছ মরে গেছে। স্থানীয় মৎস্য বিভাগের দাবি, আশপাশের শিল্পকারখানাগুলো নদের পানিতে বর্জ্য ফেলছে। স্থানীয় লোকজন হাটবাজার ও বাসাবাড়ির আবর্জনাও নদে ফেলছেন। ফলে পানি দূষিত হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার ও শনিবার নদের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নদের পাশের পবা উপজেলার দুয়ারী, মোহনপুর উপজেলার পালশা, দোপাঘাটা, কালীগঞ্জ, গমারার আচিনঘাট, হাসনিপুর এলাকায় পানিতে দুর্গন্ধ বের হচ্ছে। এখানে পানি নষ্ট হয়ে হলদেটে হয়ে গেছে। এসব এলাকার খাল থেকে পানি প্রবেশ করে নদে। দুয়ারি এলাকায় চোখে পড়ে ফেনাযুক্ত পানি। পালশা, বাগমারা, হাসনিপুর এলাকায় নদের পানি কালো। উপজেলার লাউপাড়া, হাসনিপুর ও মহব্বতপুরে পানিতে মরা মাছ ভাসতে দেখা যায়। স্থানীয় লোকজন জানান, অনেক মাছ তাঁরা জাল দিয়ে ধরেছেন। অপরদিকে নদের পাশে হিমাগারসহ বিভিন্ন ধরনের শিল্পকারখানা রয়েছে। এসব এলাকার হাটবাজারও রয়েছে। এসব শিল্পকারখানার আবর্জনাও নদে ফেলা হচ্ছে।
বাগমারা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বারনই নদ জেলার মোহনপুর হয়ে বাগমারায় প্রবেশ করেছে। পরে ফকিন্নী নদীর সঙ্গে মিলিত হয়েছে। এক সপ্তাহ ধরে নদের পানির রং বদলে যাচ্ছে। রাজশাহী শহরের বিভিন্ন কারখানার দূষিত বর্জ্য ও ময়লা-আবর্জনা নদে ফেলা হচ্ছে। ফলে পানি দূষিত হয়ে রং পরিবর্তন করেছে। দূষিত পানির কারণে পানির পিএইচ ও অ্যামোনিয়া মাত্রার চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। দ্রবীভূত অক্সিজেন প্রায় শূন্য হয়ে যাওয়ায় নদে থাকা বিভিন্ন জাতের বড় মাছ, মাছের পোনা ও জলজ প্রাণী মরে যাচ্ছে। গত এক সপ্তাহে নদের বাগমারা এলাকায় প্রায় সাত টন মাছ মরে গেছে। মাছগুলো মরে ভেসে গেছে এবং কিছু মাছ জেলেদের জালে ধরা পড়েছে। এ ছাড়া খাঁচায় মাছ চাষ প্রকল্পের মাছও মরে গেছে।
নদের হাসনিপুর এলাকায় খাঁচায় মাছ চাষ করা স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান ‘শতফুল’–এর কর্মকর্তা হুমায়ূন কবির জানান, তাঁদের ১০টি খাঁচার সব মাছ মরে গেছে। তাঁরা পানি পরীক্ষা করে দেখেছেন নদের পানিতে আবর্জনা ফেলার কারণে পানি দূষিত হয়েছে। হাটের বর্জ্য ড্রেনের মাধ্যমে নদে পড়ে পানি দূষিত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম প্রথম আলোকে বলেন, নদে ফেলা বিভিন্ন কারখানার আবর্জনা ও বর্জ্যের কারণে পানি দূষিত হয়েছে। ফলে মাছ মরে যাচ্ছে। পানিও পরীক্ষা করা হয়েছে। পানিতে অ্যামোনিয়ার মাত্রা চার লিটারের ওপরে। অথচ মাছের বেঁচে থাকার জন্য সহনীয় মাত্রা দশমিক শূন্য ৫ লিটার। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসানের সঙ্গে গতকাল বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে গত ৩১ জুলাই উপজেলার মাসিক সমন্বয় সভায় তিনি বলেছিলেন, বিষয়টি নিয়ে জেলার সভায় কথা বলে ব্যবস্থা নেবেন।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক মো. কবির হোসেন মুঠোফোনে বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে খোঁজখবর নিয়ে দেখবেন।
স্থানীয় সংসদ সদস্য এনামুল হক জানান, মৎস্য কর্মকর্তা তাঁকে বিষয়টি জানিয়েছেন। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।