ঝিনাইদহে তিন ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় দোষীদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় দোষী ব্যক্তিদের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে
ছবি: প্রথম আলো

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে মোটরসাইকেলে করে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় দোষী ব্যক্তিদের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালন করেন নিহত তিনজনের বন্ধু, স্বজন ও এলাকাবাসী। নিহত তিনজনই ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী ছিলেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তৃতা করেন নিহত সাইফুজ্জামান মুরাদের বাবা বদিউজ্জামান বিশ্বাস, মা শেফালী বেগম, ভাই মুক্তার বিশ্বাস, সুজাত বিশ্বাস, স্ত্রী সুমিদা খাতুন সুমি, ওই ঘটনায় আহত ছাত্রলীগ নেতা সজীবুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ৭ অক্টোবরে সাইফুজ্জামান মুরাদ, তৌহিদুল ইসলাম ও সমরেশ বিশ্বাস দুর্ঘটনায় মারা যাননি। তাঁদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একটি পক্ষ ঘটনাটি দুর্ঘটনা বলে চালানোর জোর চেষ্টা করে যাচ্ছে। তিনটি তরতাজা প্রাণ হারানোর ঘটনায় তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। নিহত তরুণদের পরিবারগুলো যেন সঠিক বিচার পায়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

৭ অক্টোবর ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের জোহান পার্কের সামনে তিন মোটরসাইকেল আরোহীর ওপর হামলা চালায় প্রতিপক্ষ। হামলার একপর্যায়ে তাঁরা পালানোর চেষ্টা করলে প্রতিপক্ষ মোটরসাইকেল নিয়ে তাঁদের তাড়া করে। তাড়া খেয়ে পালানোর সময় সাইফুজ্জামান মুরাদ, তৌহিদুল ইসলাম ও সমরেশ বিশ্বাস রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। অবশ্য নিহত মুরাদের পরিবারের পক্ষ থেকে থেকে দাবি করা হচ্ছে, শিক্ষার্থীদের কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডটি সড়ক দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা চলছে।

ওই ঘটনায় আহত ছাত্রলীগ কর্মী ও কলেজ ছাত্র সংসদের জিএস সজীবুল ইসলাম বলেন, হামলা থেকে বাঁচার জন্য তিনি রাস্তার ধারের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। তাঁরা সেখান থেকে তাঁকে কুপিয়ে আহত করেন। এরপর তিনি অচেতন হয়ে পড়েন।

আরও পড়ুন
আরও পড়ুন