খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টা, যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে পল্লী বিদ্যুৎ সমিতির ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে মো. ইউসুফ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় লোকজন তাঁকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এ সময় তাঁর দুই সহযোগী পালিয়ে যান।
আজ শুক্রবার ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে উপজেলার রাঢ়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ইউসুফ উপজেলার বেগমপুর এলাকার বাসিন্দা। তাঁর সঙ্গে থাকা মো. শামীম ও মো. আফজাল পালিয়ে গেছেন।
পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর পাঁচটার দিকে ইউসুফ ও তাঁর দুই সহযোগী রাঢ়িকান্দি এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে ওঠেন। তাঁরা খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলছিলেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা খুঁটির নিচে জড়ো হন। একপর্যায়ে তিনজন খুঁটি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজন ইউসুফকে ধরে ফেললেও শামীম ও আফজাল পালিয়ে যান। পরে ইউসুফকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
মতলব উত্তর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী রাকিব হোসেন বলেন, গত দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ট্রান্সফরমারের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। প্রতিটি ঘটনায় থানায় পৃথক মামলা করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় আজ আটক ইউসুফকে আসামি করা হয়েছে।
আটক ইউসুফকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান।