আম খাওয়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
ফরিদপুরের বোয়ালমারীতে আম খাওয়ানোর কথা বলে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
অভিযুক্ত ব্যক্তির নাম ফয়জুল্লা (৩৯)। তিনি একই উপজেলার বাসিন্দা ও তিন সন্তানের জনক।
এ ঘটনায় তরুণীর চাচি বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালমারী থানায় একটি মামলা করেন। পরে ওই মামলায় ফয়জুল্লাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ভাষ্য, গতকাল সকালে ফয়জুল্লা ওই তরুণীকে আম খাওয়ানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। চিৎকার শুনে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে ওই প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। আজ শনিবার ফয়জুল্লাকে আদালতে পাঠানো হবে।