মাদক কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, এক কিশোর নিহত

নিহত কিশোরের স্বজনদের আহাজারি। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় কয়েকটি দোকান ও বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সরাইলের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে মাদক কেনাবেচা নিয়ে গ্রামের দুই কিশোরের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাঁদের অভিভাবকেরা বিষয়টি মীমাংসা করেন।

তবে কিছু সময় পর ওই কিশোরকে (নিহত) মারধর করার অভিযোগ পাওয়া যায়। এর জেরে গতকাল রাত ১১টার দিকে দুই পক্ষের লোকজন টর্চলাইট, লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশি অস্ত্র নিয়ে গ্রামীণ সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেই সংঘর্ষে গিয়ে পিঠে বল্লমের আঘাতে গুরুতর আহত হয় কিশোরটি। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন, ঘটনার সূত্রপাত কী নিয়ে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।