বরগুনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার, বাসায় পাওয়া গেল ৫০০ ইয়াবা

বরগুনার পাথরঘাটায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা আরাফাত রহমানছবি: সংগৃহীত

মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলা শহরের একটি বাসায় অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে ৫ শতাধিক ইয়াবা বড়ি এবং ১০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির মো. আরাফাত রহমান (অভি)। তিনি পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আনসার আলীর ছেলে এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব, বর্তমানে বরগুনা জেলা ছাত্রদলের সহসম্পাদক।

আরাফাত রহমানের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেন বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (রনি) ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি।

সানাউল্লাহ প্রথম আলোকে বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া আরাফাত রহমান পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব ছিলেন। বর্তমানে তিনি বরগুনা জেলা ছাত্রদলের সহসম্পাদক পদে আছেন। তাঁর এমন অপকর্মের জন্য সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে।

পাথরঘাটা থানা–পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ আরাফাত রহমানের বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৫১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আরাফাত রহমানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাথরঘাটা থানা–পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক প্রথম আলোকে বলেন, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। তাঁকে আদালতে তোলা হবে। পুলিশ কারও রাজনৈতিক পরিচয় দেখে না। গ্রেপ্তার ব্যক্তি একজন মাদক বিক্রেতা, এটাই তাঁর বড় পরিচয়