আজ রাত ১০টার পর থেকে গাজীপুরের তিন সড়কে বন্ধ থাকবে যান চলাচল

ইজতেমার মাঠে স্থানসংকুলান না হওয়ায় মুসল্লিদের অনেকেই সড়কে বসে বয়ান শোনেন
ছবি: প্রথম আলো

প্রথম ধাপের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে আজ শনিবার রাত থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক পুলিশ। সিদ্ধান্ত অনুযায়ী, এসব সড়কে ইজতেমার মুসল্লি বহনকারী যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি চলতে পারবে না।

সড়ক তিনটি হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে রাজধানীর আবদুল্লাহপুর পর্যন্ত, টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত এবং রাজধানী ঢাকার কামারপাড়া থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত।

আজ শনিবার রাত ১০টা থেকে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিধিনিষেধ চলবে আগামীকাল রোববার আখেরি মোনাজাতের পর পর্যন্ত।

আরও পড়ুন

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, কাল সকাল ১০টা বা বেলা১১টার দিকে মোনাজাত হবে। আজ বিকেল থেকেই মুসল্লিরা দলে দলে আসা শুরু করবেন, ফলে হাঁটাচলার উপায় থাকবে না। তাই সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল রোববার মোনাজাত শেষ হওয়া বা মুসল্লিদের ভিড় না কমা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তিনি বলেন, যেসব যানবাহন ঢাকায় প্রবেশ করবে, সেসব গাড়ি বিভিন্ন পথে ডাইভারশন করে (ঘুরিয়ে) ঢাকায় পাঠানো হবে।

এদিকে গতকাল শুক্রবার ইজতেমার জুমার নামাজকে ঘিরে মুসল্লিদের ভিড় বাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে টঙ্গীর কলেজ গেট, কামারপাড়া-টঙ্গী স্টেশন রোড এবং টঙ্গী ঘোড়াশাল আঞ্চলিক সড়কের টঙ্গী স্টেশন রোড থেকে মিরের বাজার পর্যন্ত যান চলাচলে ব্যাপক ধীরগতি দেখা দেয়। প্রায় এক বন্ধ থাকে যান চলাচল। পরে রাত ১০টা পর্যন্তও যানবাহনের ধীর গতি ছিল।

আরও পড়ুন

পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘এটা একটা বাস্তবিক বিষয়। হাজার হাজার মানুষ যখন রাস্তায় বসে পড়েন, তখন আর যান চলাচলের অবস্থা থাকে না। কাল মোনাজাতেও একই অবস্থা হবে। তাই আমরা আগেভাগেই সিদ্ধান্ত নিয়েছি।’

তাবলিগ জামাতের আয়োজকদের বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। গতকাল শুক্রবার সকালে বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পক্ষের ইজতেমা। এ পক্ষে অংশ নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়েরের অনুসারীরা। কাল আখেরি মোনাজাতে শেষ হবে তাঁদের ইজতেমা। এরপর ২০ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্ব বা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা।