ঈদে পাওয়া মাংস নিয়ে শেষ বিকেলে কেনাবেচার হাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে ঈদের বিকেলে কোরবানির মাংস বিক্রির হাট বসে। এক দিনের বিশেষ এই হাটের ক্রেতাদের বেশির ভাগই মধ্যবিত্ত
ছবি: প্রথম আলো

হামিদা বানু (৩৮) কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের পঞ্চবটী এলাকার বাসিন্দা। এক ছেলে এক মেয়ে নিয়ে তাঁর সংসার। জীবিকা চলে অন্যের বাড়িতে কাজ করে। ঈদে পশু কোরবানি দেওয়া তাঁর কাছে আকাশকুসুম কল্পনা। কোরবানির মাংসের স্বাদ পেতে প্রতিবছরের মতো এবারও বেলা ১১টার পর ব্যাগ হাতে ঘর থেকে বেরিয়ে পড়েন তিনি। এবাড়ি-ওবাড়ি গিয়ে হাত পেতে বিকেল পাঁচটার মধ্যে ছয় কেজির মতো মাংস জোগাড় হয়ে যায় তাঁর।

এরপর হামিদার পথচলাটি ভিন্ন। মাংসের ব্যাগ নিয়ে ছোটেন পৌর শহরের ভৈরবপুর এলাকার মুক্তিযোদ্ধা চত্বরে। ঈদের শেষ বিকেলে সেখানে বসেছে কোরবানির মাংস বেচাকেনার হাটে। সেখানে গিয়ে দুই কেজি রেখে বাকি মাংস বিক্রি করে দেন হামিদা।

বিকেল পৌনে পাঁচটার দিকে ভৈরবপুরের মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে দেখা যায়, হামিদার মতো শতাধিক নারী-পুরুষ হাত পেতে পাওয়া কোরবানির মাংস বিক্রি করতে এসেছেন। সেই মাংস কিনতে ভিড় করছেন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। কোরবানির ঈদের দিনের শেষ বিকেলের এই হাট অনেকের নজর কাড়ে।

হামিদা বানু প্রথম আলোকে বলেন, ‘চাইর সের বেইচ্ছা চার শ কম তিন হাজার টেহা পাইছি। এই টেহা দিয়া ঘরভাড়া দিমু। বাকি গোশত রান্না করুম।’

হামিদার সঙ্গে কথা শেষ হতে হতে চোখে পড়ে বোরকা পরা এক নারী মাংস কিনতে দামদর করছেন। শেষে ৭০০ টাকা দিয়ে এক কেজি মাংস কেনেন। কথা হয় তাঁর সঙ্গে। তাঁর বাড়ি ভৈরবে নয়। বছর দুয়েক আগে পাশের একটি উপজেলা থেকে এসে ভৈরবে বসবাস করছেন। বিয়ের তিন বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় তাঁর স্বামী মারা যান। কয়েক মাস আগে দ্বিতীয় স্বামীও ছেড়ে চলে যান। দুই স্বামীর দুই সন্তান নিয়ে তাঁর অভাবের সংসার। ভৈরবে তাঁর আপনজন নেই। দুপুর গড়িয়ে বিকেল হতে চললেও তাঁর ঘরে মাংসের জোগাড় হয়নি। এরই মধ্যে অন্যের বাড়ি থেকে রান্না করা মাংসের গন্ধ আসছে। শেষে সন্তানদের কথা ভেবে তিনি এক কেজি মাংস কিনতে হাটে আসেন।

স্থানীয় ব্যক্তিরা জানান, কাজের প্রয়োজনে বাইরের জেলার অনেকে ভৈরবে বসবাস করেন। এ ছাড়া মধ্যবিত্ত পরিবারের অনেকের পক্ষে কোরবানি দেওয়া সম্ভব হয় না। ফলে আপনজনের অভাবে অনেক পরিবারের সদস্যরা ঈদে কোরবানি মাংস খাওয়ার সুযোগ হারান। সেই ক্ষেত্রে অনেকে শেষ বিকেলে বসা হাট থেকে মাংস কেনেন। হাটের মাংসের দাম তুলনামূলক কম। ভালো হলে ৮০০ টাকা কেজি। হাড়-চর্বি বেশি হলে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি। হাত পেতে মাংস আনা লোকজনই হাটের বিক্রেতা। আবার কসাইয়ের কাজ করে মাংস পাওয়া ব্যক্তিরাও হাটের বিক্রেতা। তবে এই দুই শ্রেণির কেউ সরাসরি বিক্রি করেন না। তাঁদের কাছ থেকে ব্যবসায়ীরা মাংস কিনে আবার এই হাটে বসেই বিক্রি করেন।

হাটে বসে মাংস বিক্রি করছিলেন কাজল মিয়া নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি হাট লাগোয়া এলাকায়। তিনি মাংস কিনে আবার হাটে বসেই বিক্রি করছিলেন। কাজল মিয়া বলেন, হাটের সময় কয়েক ঘণ্টা। মূলত দুপুরের পর থেকে হাট বসতে শুরু করে। বিকেল চারটা থেকে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বাড়ে। সন্ধ্যার মধ্যে শেষ। কেজিতে ১০০-২০০ টাকা কম হওয়ায় একশ্রেণির ক্রেতা বিকেলে হাটে এসে প্রয়োজনমতো মাংস কিনে নিয়ে যান।