যৌন হয়রানি ও অনৈতিক সম্পর্কের বিষয়ে উড়োচিঠি নিয়ে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে নানা আলোচনা
ছাত্রীদের যৌন হয়রানি ও নারী শিক্ষকদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর কথা উল্লেখ করে ছড়িয়ে দেওয়া একটি উড়োচিঠি নিয়ে নানা আলোচনা চলছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ওই চিঠি পাঠানো হয়েছে। সেই সঙ্গে চিঠির অনুলিপি পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য, সব বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্ট, নোবিপ্রবি সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবে।
উদ্ভূত পরিস্থিতিতে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক আশিকুর রহমান খানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
এ বিষয়ে আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দীন প্রথম আলোকে বলেন, কে বা কারা উড়োচিঠি ছেড়েছে, সেটি তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে উদ্ঘাটন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, উড়ো চিঠিটি ঢাকা জিপিও থেকে পাঠানো হয়েছে। উড়ো চিঠিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একাধিক জ্যেষ্ঠ পুরুষ শিক্ষক ছাড়াও বেশ কয়েকজন নারী শিক্ষক এবং একাধিক নারী কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের বেশি নম্বর দেওয়ার কথা বলে যৌন হয়রানি, ফোন করে অশ্লীল কথাবার্তা বলার অভিযোগ তোলা হয়েছে। এ ছাড়া চিঠিতে একাধিক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন নারী শিক্ষক ও নারী কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ করা হয়েছে।
যেসব শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাঁদের কয়েকজনের সঙ্গে আলাপকালে তাঁরা প্রথম আলোকে জানান, এ ধরনের বিকৃত কাজ সুস্থ মানসিকতার কোনো মানুষ করতে পারে না। বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করার হীন উদ্দেশ্যে বিশেষ কোনো মহলের ইন্ধনে এসব উড়োচিঠি ছাড়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, তিনি চিঠিটি দেখার পর নিজেই প্রশাসনকে অনুরোধ করেছেন বিষয়টি তদন্ত করে দেখার। সেই সঙ্গে কে বা কারা ওই উড়োচিঠি ছেড়েছে, খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার অনুরোধ করেছেন।
এদিকে একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরের এবং বাইরের কোনো শক্তিশালী চক্র সুপরিকল্পিতভাবে উড়োচিঠিটি তৈরি করেছে। পুরো বিশ্ববিদ্যালয় সম্পর্কে যাতে বাইরে সবার কাছে একটি নেতিবাচক ধারণা জন্মায়। কারণ, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বাইরের একটি শক্তিশালী চক্র নামে-বেনামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে হীন উদ্দেশ্য হাসিল করতে চেয়েছে।
উড়োচিঠি পাওয়ার কথা স্বীকার করেন উপাচার্য মো. দিদার-উল-আলম প্রথম আলোকে বলেন, এটি আসলে শিক্ষকদের অভ্যন্তরীণ সমস্যা। একজন আরেক জনকে পছন্দ, অপছন্দের বিষয়। কিন্তু এভাবে কারও নামে অশ্লীল কথাবার্তা লিখে উড়োচিঠি দেওয়া খুবই ন্যক্কারজনক কাজ। যাঁরা এই কাজ করেছেন, তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ বিষয়ে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।