ফুটবল মাঠের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এক ছাত্রের
বগুড়ার শেরপুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছে জামিল শেখ (১৬) নামের এক শিক্ষার্থী। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
জামিল শেখ উপজেলার শেরুয়া দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয় কিশোর ও যুবকেরা বিদ্যালয় মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্ক ও উত্তেজনা তৈরি হয়। মাঠে বসে খেলা দেখছিল জামিল। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে শেরুয়া দহপাড়া গ্রামের শাকিল (২২) তার ওপর চড়াও হন। পরে শাকিলের লাথি ও কিল-ঘুষির আঘাতে জামিল মাঠেই লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত শাকিল একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। ঘটনার পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, জামিলের তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহত কিশোরের পরিবার হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।