ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মো. সুমন শেখ (৩৮) আদালতে উপস্থিত ছিলেন। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর নিউ কলোনি এলাকায়।

মামলার বিবরণীতে জানা যায়, ফরিদপুর শহরের চরকমলাপুর ভাড়া বাড়িতে ২০১৮ সালের ১৫ আগস্ট রাতে সুমন শেখ তাঁর স্ত্রী মমতাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় শ্বাস রোধ করে হত্যা করেন। পরে বিষয়টি গোপন করতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়না মমতাজের গলায় বেঁধে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যান। এ ঘটনার দুই দিন পর নিহত নারীর বোন আকলিমা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় সুমনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের সহকারী কৌঁসুলি নবাব আলী মৃধা বলেন, স্ত্রীকে হত্যার দায়ে সুমন শেখকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন আদালত। আসামি পক্ষ আপিল করতে চাইলে আগামী সাত দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে। হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদণ্ড বহাল রাখা সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রেখে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছে রায়ে।