মাদারীপুরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ, আহত ৮
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত দফায় দফায় সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব ব্যাপারীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল দেশি অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় ২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভাঙচুর করা হয় চারটি বসতবাড়ি। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত আটজন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। এর আগেও এই দুই পক্ষের দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা আছে।
আহত ব্যক্তিদের মধ্যে ফারুক ব্যাপারী (৫৫), ইমরান মাতুব্বর (৩২), কালু ব্যাপারী (৬৫) ও রিয়ন ব্যাপারীকে (১৮) উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোকন হাওলাদার (৩৫) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহত সেলিমা হাওলাদার, আলবিদ হাওলাদার ও তুষার হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, এটি নির্বাচনী কোনো বিষয় নয়। এলাকায় নিজেদের আধিপত্য দেখাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা এর আগেও সংঘর্ষে জড়িয়েছিল। এটা ওই এলাকায় নতুন কিছু না। সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ফের সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ।