ঘরের আড়ায় ঝুলছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দায় শ্বশুরবাড়ির ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ববিতা রানী (২০)।

আজ রোববার রাত আটটার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ববিতা রানী ঘোনাপাড়া গ্রামের চণ্ডী বিশ্বাসের স্ত্রী। তাঁর বাবার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানপুর গ্রামে। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

জানতে চাইলে পুরাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান প্রথম আলোকে বলেন, চণ্ডী বিশ্বাসের সঙ্গে এক বছর আগে ববিতার বিয়ে হয়। আজ রাতে ঘরের আড়ার সঙ্গে ববিতার লাশ ঝুলতে দেখেন শ্বশুরবাড়ির লোকজন। এরপর স্বজনেরা তাঁকে (ইউপি চেয়ারম্যান) জানালে তিনি পুলিশে খবর দেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে থাকা লাশটি উদ্ধার করা হয়েছে। আগামীকাল সোমবার ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হবে।

ওসি হাবিল হোসেন আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।