রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডে একজন গ্রেপ্তার
রাজবাড়ী সদর উপজেলায় শেখ সুমন সবুজ নামের ছাত্রলীগের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম গোলাম মোস্তফা। তিনি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের দিরাজ আলী শেখের ছেলে।
নিহত শেখ সুমন সবুজ (৩২) সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম শামসুল আলম শেখ। সবুজ বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ছয় মাস আগে তিনি বিয়ে করেন। তিন ভাইয়ের মধ্যে সবুজ ছিলেন মেজ।
এ ঘটনায় নিহত সবুজের বাবা শামসুল আলম শেখ বাদী হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে অজ্ঞাতনামা আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় গত সোমবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘রাজবাড়ীতে গুলিতে ছাত্রলীগ নেতা নিহত’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ সুমন সবুজ মারা যান। এর আগে রাত সাড়ে ১০টার দিকে সবুজের বাড়িতে হামলার ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সজীব শেখ নামের আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রেপ্তার মোস্তফার মেজ ভাই মোজাম্মেল হক বলেন, ‘হত্যাকাণ্ডের দিন আমার ভাই বাড়িতে ঘুমাচ্ছিলেন। দিবাগত রাত প্রায় দুইটার দিকে পুলিশ আমাদের বাড়িতে গিয়ে ভাইকে ডেকে তোলেন। কারণ জানতে চাইলে বলেন, স্যার তাঁর সঙ্গে কিছু কথা বলবেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা আমার ভাইকে নিয়ে যান। এ সময় মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে বলে জানান। কিন্তু এখন শুনছি, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গতকাল বিকেলে থানায় এজাহার দায়ের করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুপুরে তাঁকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়।
হত্যাকাণ্ডের রাতে (রোববার) বাড়ি থেকে গোলাম মোস্তফাকে আটক করা হয়েছে বলে পরিবারের দাবির বিষয়ে ওসি বলেন, এটি অসত্য কথা। তাঁকে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।