কর্মসূচিতে না থাকায় খুলনায় বিএনপির ৮ শীর্ষ নেতাকে শোকজ
বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিতে অনুপস্থিত থাকায় খুলনার ছয়টি উপজেলার বিএনপির শীর্ষ আট নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু হোসেন ও সদস্যসচিব এস এম মনিরুল হাসানের স্বাক্ষরিত এসব চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে এই নেতাদের সঠিক কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার এসব নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের ভাষ্য অনুযায়ী, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে’ দলীয় কর্মসূচির সব পর্যায়ে এসব নেতার অনুপস্থিতি জেলার শীর্ষ নেতৃত্বের দৃষ্টিগোচর হয়েছে, যা এ সময়ে দলটির কাছে কাম্য নয়।
নোটিশ পাওয়া নেতারা হলেন রূপসা উপজেলা বিএনপির সভাপতি খান জুলফিকার আলী, তেরখাদা উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী কওসার আলী, সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন, কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক মোমরেজুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন, দাকোপ উপজেলা বিএনপির আহ্বায়ক অসিত কুমার সাহা, ফুলতলা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সেলিম সরদার এবং সদস্যসচিব মো. মনির হাসান।
জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘সরকার পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সারা দেশের মতো খুলনা জেলা ও মহানগর বিএনপির সব স্তরের নেতা-কর্মী প্রাণপণ লড়াই-সংগ্রাম করছেন। এ অবস্থায় আমাদের পদ-পদবিতে আছেন এমন কিছু নেতার কর্মসূচিতে অংশগ্রহণ বেশ কম। অথচ দলের পদ-পদবিধারী কেউ নিষ্ক্রিয় থাকবেন না, দলে পদ নিয়ে চুপচাপ বসে থাকা যাবে না। এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর অবস্থানে আছেন। কাজ করার ইচ্ছা না থাকলে পদ ছেড়ে অন্যদের সুযোগ দিতে হবে। আমরা আমাদের আট নেতাকে মূলত সতর্ক করার জন্য এবং আগামী দিনের কর্মসূচিগুলোতে যাতে তাঁরা সক্রিয় থাকেন, সে জন্য ওই নোটিশ দিয়েছি।’