বগুড়ায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় জখম উপসহকারী প্রকৌশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ার শেরপুরে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম হয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান (৪০)। আজ সোমবার বেলা একটার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন ওই প্রকৌশলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ওই প্রকৌশলীর মাথায় ও বুকে একাধিক আঘাতের চিহ্ন আছে।

আহত মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, উপজেলার খামারকান্দি ইউনিয়নের চেঙ্গারী খালের ওপর ৬০ মিটার দৈর্ঘ্যের নতুন একটি সেতু নির্মিত হচ্ছে। এক সপ্তাহ আগে এই সেতু নির্মাণে কিছু অনিয়ম তাঁর চোখে পড়েছিল। এ ঘটনা নিয়ে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের দেখভালকারী ও তাঁর লোকজনকে কাজ বন্ধ করতে বলেছিলেন। এ নিয়ে দেখভালকারী লোকজনের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়েছিল। পরবর্তী সময় এই ঘটনা উপজেলা প্রকৌশলীকে জানান তিনি।

অটোরিকশা থেকে মাংকিটুপি পরা তিনজন অজ্ঞাতনামা যুবক নেমে গাছের ডাল নিয়ে তাঁকে এলোপাতাড়িভাবে প্রহার করে।

মাহমুদুল হাসান আরও বলেন, তিনি ওই খালের ওপর নির্মিত সেতুর কাজ দেখার জন্য আজ সকাল ১০টায় আসেন। এরপর বেলা একটায় তিনি সেখান থেকে মোটরসাইকেলে শেরপুরে অফিসে ফিরছিলেন। পথে ঝাঁজর সড়কে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পেছন থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর ওই অটোরিকশা থেকে মাংকিটুপি পরা তিনজন অজ্ঞাতনামা যুবক নেমে গাছের ডাল নিয়ে তাঁকে এলোপাতাড়িভাবে প্রহার করে। এরপর তারা সিএনজিচালিত অটোরিকশায় দ্রুত খামারখান্দি বাজারের দিকে চলে যায়।

প্রকৌশলী মাহমুদুল হাসান দাবি করেন, এই খালের কাজ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দেখভালকারীর লোকজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ঘটনাকে কেন্দ্র করেই তাঁর ওপর এই হামলার ঘটনা ঘটেছে।

শেরপুর উপজেলা প্রকৌশলী দপ্তর সূত্রে জানা যায়, চেঙ্গারী খালের ৬০ মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণকাজের চুক্তিমূল্য ৬ কোটি ৮৮ লাখ ৪২ হাজার ৫৮ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান বগুড়ার মেসার্স মাসুমা বেগম। এই সেতু নির্মাণকাজের দেখভাল করছেন বগুড়ার খোয়াইব শেখ।

খোয়াইব শেখ উপসহকারী প্রকৌশলীর ওপর হামলার পেছনে তাঁরা জড়িত নন বলে দাবি করেছেন।

শেরপুর উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন বলেন, উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানের হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার বলেন, হামলা চালানো অজ্ঞাতনামা ওই তিন যুবক কারা, তা অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।