আমানতের অর্ধকোটি টাকা নিয়ে পালিয়েছে ‘এনজিও’

জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, সোনালী ফাউন্ডেশন নামের কোনো এনজিওকে অধিদপ্তর থেকে নিবন্ধন দেওয়া হয়নি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমানত সংগ্রহ করে প্রায় অর্ধকোটি টাকা নিয়ে সোনালী ফাউন্ডেশন নামের একটি ভুয়া ‘এনজিও’ ব্যবসা গুটিয়ে পালিয়েছে। মেহেরপুর শহরের হোটেলবাজার এলাকায় অবস্থিত ওই এনজিও থেকে গত মঙ্গলবার সকালে গ্রাহকদের ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে সেখানে গিয়ে প্রায় দেড় শ গ্রাহক এনজিওটির কার্যালয়ে তালা ও সাইনবোর্ডটি উধাও দেখতে পান। এ সময় কান্নায় ভেঙে পড়েন গ্রাহকদের অনেকেই।

জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, সোনালী ফাউন্ডেশন নামের কোনো এনজিওকে অধিদপ্তর থেকে নিবন্ধন দেওয়া হয়নি। গোপনে গজিয়েছে এ ভুয়া এনজিও।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাসিন্দা শহিদুল ইসলাম কয়েক মাস আগে মেহেরপুর পৌর শহরের হোটেলবাজার এলাকায় অবস্থিত একটি বাসা ভাড়া নেন। সেখানে এনজিওর নাম করে গ্রাহকদের বিভিন্ন অঙ্কের ঋণ দিতেন। এতে তাঁর প্রতি গ্রাহকদের আস্থা সৃষ্টি হয়। এরপর এলাকার মানুষ সুদের আশায় তাঁর কাছে আমানত রাখা শুরু করেন। সেই টাকা নিয়েই লাপাত্তা হয়েছেন শহিদুল।

শহরের যাদবপুর এলাকার ২৭ জন গ্রাহক শহিদুল ইসলামের কাছে আমানত জমা দেন। ১০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা আমানত নিয়েছেন তিনি। ওই গ্রামের রবদেল শেখ বলেন, প্রথমে শহিদুল ইসলাম কয়েকজন গ্রাহককে এক লাখ টাকা ঋণ দিয়েছেন। এতে এলাকার মানুষের মধ্যে আমানত দিতে আগ্রহ সৃষ্টি হয়।

পৌর শহরের বস্ত্র ব্যবসায়ী রফিক মিয়া প্রথম আলোকে বলেন, শহিদুল ইসলাম এক লাখ টাকার বিপরীতে মাসে পাঁচ হাজার টাকা করে লাভ দেবেন, এমন কথা দেওয়ায় দুই লাখ টাকা জমা দেন তিনি। প্রথম কয়েক মাস নিয়মিত লভ্যাংশ দেন। মঙ্গলবার তিনি কার্যালয়ে তালা ঝুলিয়ে সটকে পড়েন।

যে ভবনে সোনালী ফাউন্ডেশন কার্যক্রম চালাতেন শহিদুল, সেটির মালিক বিপুল হোসেন। গত বুধবার সেখানে আসা ক্ষুব্ধ লোকজনকে শান্ত করছিলেন তিনি। বিপুল বলেন, এই এনজিওতে প্রায় ১৫০ জন আমানত জমা দিয়েছেন। তাঁদের জমানো টাকা প্রায় অর্ধকোটি হবে।

অভিযোগের বিষয়ে শহিদুল ইসলাম গত শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হোটেলবাজার এলাকায় কয়েকজন সমস্যা করায় আপাতত কার্যালয়টি বন্ধ করতে হয়েছে তাঁকে। অনেকে যে পরিমাণ আমানতের কথা বলছেন, সে পরিমাণ আমানত সংগ্রহ করা হয়নি। অনুমতি ছাড়া কার্যক্রম চালানোর বিষয়ে তিনি বলেন, এ ধরনের সুদের ব্যবসা করতে অনুমতির প্রয়োজন হয় না। অনেকেই এগুলো করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গ্রাহকেরা মামলা করলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কাজী কাদের ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, সোনালী ফাউন্ডেশন নামের কোনো এনজিওর অনুমোদন নেই। এ ধরনের ভুয়া এনজিও গজিয়ে উঠছে বিভিন্ন এলাকায়। শহিদুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।