শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে বিশ্বকাপের ম্যাচ দেখার ব্যবস্থা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজন করেছে হল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখার সুযোগ থাকলেও গভীর রাতে খেলা থাকায় হল থেকে ছাত্রীরা সেখানে যেতে পারতেন না। এ জন্য কর্তৃপক্ষ হলেই পর্দা স্থাপন করেছে।
গতকাল রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের ডাইনিং কক্ষে এই পর্দা স্থাপন করা হয়। হলটির প্রাধ্যক্ষ জোবাইদা কনক খান প্রথম আলোকে বলেন, বিশ্বকাপ উন্মাদনায় হলের ছাত্রীদের খেলা দেখার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বড় পর্দা স্থাপন করা হয়েছে। খেলাগুলো থাকে গভীর রাতে। নিরাপত্তার জন্য গভীর রাতে খেলা থাকায় হলের ফটক খোলা সম্ভব হয় না। এ জন্য হলেই বড় পর্দায় খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলে বড় পর্দা স্থাপন করা না হলেও দুটি টিভির মাধ্যমে হলের ছাত্রীরা খেলা দেখেন বলে জানান ওই হলের সহকারী প্রাধ্যক্ষ জোবাইদা গুলশান। তিনি বলেন, ক্যান্টিনে বড় একটি টিভি এবং গেস্ট রুমেও টিভি আছে। ছাত্রীরা সেগুলোতে খেলা দেখেন। আপাতত পর্দা স্থাপনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ফাইনাল খেলা বড় পর্দায় দেখানোর ইচ্ছা আছে বলে তিনি জানান।