খুলনায় গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, পুলিশ দম্পতি গ্রেপ্তার

নারী নির্যাতনপ্রতীকী ছবি

খুলনায় গৃহকর্মীকে গরম কড়াইয়ের মাধ্যমে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তাঁর স্ত্রী পপি মিত্র। তাঁরা খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী গৃহকর্মীর (২২) মা নরসিংদী থেকে এসে সোনাডাঙ্গা মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন। মামলা করার পর পুলিশ দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ ভোরে ভুক্তভোগীর মা নরসিংদী থেকে এসে থানায় মামলা করেন। পরে মামলার পরপরই অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়। নির্যাতনের শিকার গৃহকর্মীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, গ্রেপ্তার এএসআই সঞ্জয় মিত্রকে আদালতে পাঠানো হয়েছে। তাঁর স্ত্রী এএসআই পপি মিত্র শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

এর আগে বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক–সংলগ্ন একটি ভাড়া বাসায় ওই ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের অভিযোগ, গৃহকর্ত্রীর অসতর্কতায় তরকারি পড়ে গিয়েছিল। একে কেন্দ্র করে ওই গৃহকর্মীর ওপর গরম কড়াই দিয়ে নির্যাতন চালানো হয়।

স্থানীয় কয়েকজন জানান, ওই গৃহকর্মীকে মারধর করা এবং মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়। কান ধরে ওঠবস করানোর অভিযোগও পাওয়া গেছে। ওই গৃহকর্মীর ওপর দীর্ঘদিন ধরেই নির্যাতন চালানো হতো। তাঁর শরীরে পুরোনো আঘাতের চিহ্নও দেখা গেছে।

গৃহকর্মীকে নির্যাতনের পর স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর অভিযুক্ত দম্পতিকে পুলিশের জিম্মায় নেওয়া হয়।