হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু
হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী বাবা–ছেলে নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে শহরের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন দেন।
নিহত দুজন হলেন হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর এলাকার ব্যবসায়ী আবদুল কাইয়ুম (৫৫) ও তাঁর ছেলে জাকির হোসেন (২১)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে জাকির হোসেন মোটরসাইকেল চালিয়ে তাঁর বাবাকে নিয়ে শহরের ধুলিয়াখাল এলাকায় যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি শহরের বাইপাস সড়কের পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা ত্রুটিপূর্ণ একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে বাবা–ছেলে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে বাবা–ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে জোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তাঁরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।