ঝিনাইদহে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইয়াছিন হোসেন ওরফে জনি নামের এক ব্যক্তিকে একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর একটি ধারায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ইয়াছিন হোসেনের বাড়ি ঝিনাইদহ শহরের খন্দকারপাড়ায়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ইয়াছিন হোসেন স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ও বিয়ের প্রস্তাব দিতেন। এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় ২০১৩ সালের ২১ মার্চ কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে তাকে অপহরণ করেন ইয়াছিন ও তাঁর সহযোগীরা। পরে ইয়াছিন মেয়েটিকে ধর্ষণ করেন।
এ ঘটনায় ইয়াছিনসহ কয়েকজনকে আসামি করে ধর্ষণ মামলা করা হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে ধর্ষণ মামলার একটি ধারায় ইয়াছিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর একটি ধারায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।