সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাটের সময় ডাম্প ট্রাক ও এক্সকাভেটর জব্দ
শতবর্ষী পুকুরের আয়তন পৌনে দুই একর। এর মধ্যে এক-তৃতীয়াংশ ভরাট করে ফেলেছেন ওই পুকুরের মালিক। খবর পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। পরে তিনটি ডাম্প ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটেছে।
গতকাল রাত ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে পুকুরটির ভরাটকাজ বন্ধ করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম ও সীতাকুণ্ড থানার পুলিশের একটি দল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ আইন ও জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী, চাইলেই যেকোনো পুকুর ভরাট করা যাবে না। পৌর সদরের উত্তর বাইপাস এলাকার শতবর্ষী পুকুরটি পুরোপুরি ভরাট হয়ে গেলে পানির উৎস অনেকটা কমে যেত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, পুকুরটি প্রায় পৌনে দুই একর আয়তনের। ওই পুকুর ভরাট হচ্ছে জানতে পেরে গতকাল রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তাঁরা ঘটনাস্থলে পৌঁছানোর পর এক্সকাভেটর ও ডাম্প ট্রাকের চালকেরা পালিয়ে যান। পরে এক্সকাভেটর ও ডাম্প ট্রাক জব্দ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়। আজ বুধবার পুকুরের মালিকপক্ষকে ডাকা হয়েছে। তাঁরা আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পুকুরটি ভরাটের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। স্থানীয় কয়েক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রশাসনের চোখের সামনে শতবর্ষী পুকুরটির এক-তৃতীয়াংশ ভরাট হয়ে গেছে। ধীরে ধীরে সীতাকুণ্ড পৌর সদরে সব কটি পুকুর এভাবে ভরাট হয়ে যাচ্ছে। তাঁদের দাবি, পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক।