সুন্দরগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে অবসরপ্রাপ্ত উপসচিব গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে অবসরপ্রাপ্ত এক উপসচিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম জয়নাল আবেদিন ওরফে লাল মিয়া (৬৬)। তিনি ধর্ম মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত উপসচিব ছিলেন। ধর্ষণ মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাক্‌প্রতিবন্ধী ওই কিশোরীর বাড়ির কাছে জয়নাল আবেদিনের মাছের খামার আছে। এর সুবাদে জয়নাল আবেদিন ওই কিশোরীর বাড়িতে যাতায়াত করতেন। কিছুদিন আগে কৌশলে জয়নাল আবেদিন ওই কিশোরীকে ধর্ষণ করলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি কিশোরীর পরিবার বুঝতে পারলে আজ দুপুরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। পরে আজ বিকেলে জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করা হয়।

ওই কিশোরীর বাবা বলেন, তিনি গরিব মানুষ। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাই অভিযুক্ত জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কিশোরীর শারীরিক পরীক্ষায় দেখা গেছে, ওই কিশোরী অন্তঃসত্ত্বা। এখন ডিএনএ পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখার মোকাদ্দেস মুঠোফোনে বলেন, গ্রেপ্তারের পর আজ বিকেলে জয়নাল আবেদিনকে গাইবান্ধা আমলি আদালতে নেওয়া হয়। এ ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।