লক্ষ্মীপুরে বিএনপির ২৮ কর্মী গ্রেপ্তার, ‘আতঙ্কে এলাকাছাড়া’ অনেকে
লক্ষ্মীপুরে গত দুই দিনে বিএনপির ২৮ জন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়। আর আগের দিন গ্রেপ্তার করা হয় ১৬ জনকে।
বিএনপি নেতাদের অভিযোগ, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ বানচাল করতে ও আতঙ্ক তৈরি করতে আওয়ামী লীগ সরকার পুলিশকে ব্যবহার করে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। তবে পুলিশ বলছে, ১০ ডিসেম্বর নয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপির সমাবেশের ভয়ে আওয়ামী লীগ সরকারের মাথা খারাপ হয়ে গেছে। পুলিশকে ব্যবহার করে ঘুমন্ত মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। বিএনপির নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই পুলিশের ভয়ে ঘরছাড়া হয়েছেন। নেতাদের না পেয়ে কর্মী ও সমর্থকদের গ্রেপ্তার করছে পুলিশ।
জেলা বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশ প্রতিদিনই বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালাচ্ছে। গ্রেপ্তার এড়াতে দলীয় নেতা-কর্মীরা আত্মগোপনে আছেন। আবার অনেকেই সমাবেশে যোগ দিতে ঢাকায় চলে গেছেন।
পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ প্রথম আলোকে বলেন, ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে গ্রেপ্তার করার বিষয়টি সঠিক নয়। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নিয়মিত মামলা আছে। বিজয় দিবস, থার্টি ফার্স্ট নাইট ও জঙ্গিবিরোধী তৎপরতা চালাতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। তিনি আরও বলেন, আটক করে কারও নামে মামলা দেওয়া হয়নি, যাঁদের নামে মামলা আছে, তাঁদেরই গ্রেপ্তার করা হচ্ছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে বলে জানান পুলিশ সুপার।