বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণের পর যুবলীগ-ছাত্রলীগের পাঁচজন গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রামগঞ্জে অভিযান চালিয়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী। গতকাল শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাশেদুল হাসান (৪২), মোরশেদুল আমিন (৩৫), পারভেজ হোসেন (২৪), ফয়সাল হোসেন (৩১) ও মো. মুরাদ (২৪)। এর মধ্যে রাশেদ রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। এ ছাড়া মোরশেদুল আমিন রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে রামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। এই কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, রামগঞ্জ শিশুপার্ক এলাকায় তাঁরা হঠাৎ এসে কিছু শিশু ও নারীকে খাবার বিতরণ করে চলে যায়। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেই থানায় সন্ত্রাস দমন আইনে মামলা ছিল। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।