নোয়াখালীতে পুলিশের ধাওয়ায় বিএনপির বিক্ষোভ-সমাবেশ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে আজ শনিবার বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বিকেলে শহরের মাইজদী গার্লস একাডেমি এলাকায়
ছবি: প্রথম আলো

নোয়াখালীতে পুলিশের ধাওয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পণ্ড হয়ে গেছে। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে শহরের মাইজদী গার্লস একাডেমি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দলটির তিন নেতা-কর্মীকে আটক করেছে।

ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচি পালনকালে দলের কেন্দ্রীয় নেতাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ বিকেলে জেলা শহরের রশীদ কলোনি এলাকার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এটি মাইজদী-সোনাপুর সড়ক হয়ে পৌর কল্যাণ উচ্চবিদ্যালয় পর্যন্ত এলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলকারীরা পেছনের দিকে সরে গিয়ে মাইজদী গার্লস একাডেমির সামনে সড়কের ওপর বিক্ষোভ-সমাবেশ শুরু করেন। এ সময় পুলিশ ধাওয়া করে বিক্ষোভ-সমাবেশে অংশ নেওয়া দলীয় নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী এবং সমর্থকসহ তিনজনকে আটক করে। তাঁরা হলেন জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ওরফে বাবু, বিএনপির কর্মী আবদুর রহমান ও সমর্থক মো. জিহাদ।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রথম আলোকে বলেন, তাঁরা পুলিশের মৌখিক অনুমতি নিয়েই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিলেন। পুলিশের দেওয়া সীমানার মধ্যেই কর্মসূচি সীমাবদ্ধ ছিল। তবু পুলিশ পৌর কল্যাণ উচ্চবিদ্যালয়ের সামনে মিছিলে বাধা দেয়। পরে তাঁরা পেছনে সরে গিয়ে মাইজদী গার্লস একাডেমির সামনে সমাবেশ করতে যান। পুলিশ বিনা কারণে ধাওয়া করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের তিনজনকে ধরে নিয়ে যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম আজ রাত সাড়ে নয়টার দিকে বলেন, বিএনপির কর্মীরা বিক্ষোভ কর্মসূচির নামে সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। তখন পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় তিনজনকে আটক করে আনা হয়েছে। তবে এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।