বরিশালে চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার ‘হামলা’
সরকারি চাল আত্মসাতের অভিযোগ তুলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা একটার দিকে নিয়ামতি ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ আছে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে একদল ব্যক্তি ইউপি চেয়ারম্যানের ওপর হামলা চালান।
সম্প্রতি হুমায়ুন কবিরের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ ছড়িয়ে পড়ে। এ অভিযোগকে কেন্দ্র করে গতকাল সকালে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা ইউপি কার্যালয়ে জড়ো হন। বিষয়টি জানানো হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ তদন্ত করতে ইউনিয়ন পরিষদে যান। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে চাল আত্মসাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আমাদের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে। এতে আমিও আহত হয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।’
অভিযোগ আছে, তদন্ত চলাকালে বিএনপি নেতা সোহেল সিকদার ক্ষিপ্ত হয়ে লোকজন জড়ো করেন। পরে ইউনিয়ন পরিষদের ভেতরে চেয়ারম্যান হুমায়ুন কবির ও তাঁর সহযোগীদের ওপর হামলা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক ইউপি চেয়ারম্যান ও তাঁর সহযোগীদের মারধর করতে করতে পরিষদ কার্যালয় থেকে বাইরে নিয়ে যাচ্ছেন। একপর্যায়ে হুমায়ুন কবির দৌড়ে কার্যালয়ের ভেতরে আশ্রয় নেন, অন্যরা পালিয়ে যান। হামলাকারী ব্যক্তিরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলও করেন।
হুমায়ুন কবির দাবি করেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তদন্ত কমিটিও এর কোনো প্রমাণ পায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে সোহেল সিকদার বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগের খোঁজ নিতে তিনি পরিষদে গিয়েছিলেন। তবে হামলার ঘটনা কীভাবে ঘটেছে, তা তিনি জানেন না।
বিষয়টি দলীয়ভাবে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা।
হুমায়ুন কবির ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা কমিটির সদস্য। এ ঘটনায় দলটি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম এক বিবৃতিতে দাবি করেন, বিএনপির নিয়ামতি ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল সিকদার ও ছাত্রদল নেতা রাকিব মোসাব্বিরের নেতৃত্বে এ হামলা হয়েছে।