ফেনীতে পুলিশের ধাওয়ায় বিএনপির মিছিল ছত্রভঙ্গ, আহত ৫
অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে ফেনীতে বিএনপির কর্মসূচি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের লাঠিপেটায় অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির নেতাদের।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের মহিপাল এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতা-কর্মীরা লোডশেডিং ও সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে নানা স্লোগান দেন। কর্মসূচি শেষে জেলা বিএনপির পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলীকে স্মারকলিপি দেওয়া হয়।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন দাবি করেন, ‘সম্পূর্ণ বিনা উসকানিতে পুলিশ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শেষ করে ফেরার পথে লাঠিপেটা করে। পুলিশের লাঠির আঘাতে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুদ্দিন, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, পাঁচগাছিয়া ইউনিয়ন যুবদলকর্মী গিয়াস উদ্দিন ও আবুল কালাম আহত হন। আহত নেতা–কর্মীরা স্থানীয়ভাবে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান প্রথম আলোকে জানান, ‘পুলিশ লাঠিপেটা করেনি। স্মারকলিপি প্রদান শেষে উপস্থিত নেতা-কর্মীরা স্লোগান দিয়ে সড়কে মিছিল করতে চেষ্টা করেন। কেউ যেন বিদ্যুৎ অফিসের দিকে না যেতে পারেন, সে জন্য আমরা তাঁদের সরিয়ে দিয়েছি। কাউকে আটকও করা হয়নি।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী এবং বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতারা।