দেশের বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা: মোজাম্মেল হক
দেশের বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের আয়োজনে দুই দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। এর আগে গাজীপুরের রাজবাড়ি মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে চাকরি মেলার উদ্বোধন করেন তিনি।
উদাহরণ টেনে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘ধরুন, জেলা প্রশাসক যদি পিয়নের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেন। সেখানে কমপক্ষে দুই হাজার আবেদন জমা পড়বে। আবেদনকারীদের মধ্যে দেখা যাবে প্রায় এক হাজার এমএ পাস আছেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা নিয়ে পিয়ন হতে যাচ্ছেন। এত কষ্ট করে পড়াশোনা করলেও বাস্তবে এটি কোনো কাজে লাগল না। দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিবছর শিক্ষার্থীরা উচ্চতর ডিগ্রি নিয়ে বের হচ্ছেন, রাষ্ট্রের সম্পদ ও মেধার অপচয় হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা হয়ে গেছে। পাঠ্যসূচি পরিবর্তন হচ্ছে, যুগোপযোগী করা হচ্ছে, যেন বেকার সৃষ্টি না হয়।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমাদের দুর্ভাগ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড. কুদরাত-এ-খুদা জাতীয় শিক্ষা কমিশন গঠন করেছিলেন, কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। যেখানে বলা হয়েছিল, সাধারণ শিক্ষার দরকার নেই। মুষ্টিমেয় লোক উচ্চশিক্ষা গ্রহণ করবে। অন্যরা টেকনিক্যাল শিক্ষা নেবে, ভোকেশনাল শিক্ষা নেবে, অর্থাৎ যে শিক্ষা তাঁদের কাজে লাগবে, মানে ব্যবহারিক শিক্ষা।’
গাজীপুরে ছোট-বড় পাঁচ হাজারের বেশি শিল্পকারখানা রয়েছে উল্লেখ করে আ ক ম মোজাম্মেল হক বলেন, এসব কারখানায় কাজ করেন প্রায় ২২ লাখ শ্রমিক। দেশ থেকে প্রতিবছর বিদেশে শ্রমিক পাঠানো হয়। দেশের শ্রমিকেরা বিদেশে গিয়ে ৩০-৪০ হাজার টাকা বেতন পান, তবে দক্ষ শ্রমিকেরা লাখ লাখ টাকা বেতন পান।
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মুহাম্মদ মাহফুজুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গিয়াসউদ্দীন মিয়া, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান প্রমুখ।