কাশিমপুর কারাগারে বন্দী হুজি সদস্যের মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট-২) আজ শুক্রবার সকালে এক হাজতির মৃত্যু হয়েছে। মো. আবুল হোসেন ওরফে খোকন (৫৫) নামের এই হাজতি হরকাতুল জিহাদের (হুজি) সদস্য ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি তিনি।
আবুল হোসেন বরিশালের কোতোয়ালি থানার রাজধর এলাকার আবদুল খালেকের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের (পার্ট-২) সুপার আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, হরকাতুল জিহাদ সদস্য মো. আবুল হোসেন আজ ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে সকাল ৮টায় তাঁকে মৃত ঘোষণা করেন।
আমিরুল ইসলাম বলেন, আবুল হোসেনের পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।